টুকরো খবর - রোহিঙ্গারা ফিরবে কিন্তু নিরাপদ থাকবে কী?

হোয়াটসঅ্যাপএক্সফেসবুক

মায়ানমারে এখনও চলছে গৃহযুদ্ধ। তার মধ্যেই হাজার হাজার মায়ানমারের নাগরিককে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিল মালয়েশিয়া সরকার। এই সিদ্ধান্ত ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি। ২৪ নভেম্বর, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংসদে জানিয়েছেন, মায়ানমারের সেনা-সমর্থিত সরকারের সঙ্গে শরণার্থী প্রত্যাবর্তন নিয়ে সহযোগিতা অব্যাহত রাখবে তাঁর সরকার। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, আগামী ডিসেম্বর মাসে মোট ৬,৮০৩ জন মায়ানমারের নাগরিককে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। তাঁদের মধ্যে কতজন রোহিঙ্গা, তা এখনও স্পষ্ট নয়। রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নথিভুক্ত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ২ লক্ষ ২৫ হাজারের বেশি। তাঁদের প্রায় ৯০ শতাংশই মায়ানমার থেকে আসা। ২০১৭ সালে মায়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর অত্যাচারের জেরে লক্ষ লক্ষ রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হন। বাংলাদেশ, মালয়েশিয়া-সহ বিভিন্ন দেশে আশ্রয় নেন তাঁরা। গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারের সামরিক বাহিনীর ২০১৭ সালের অভিযান ছিল গণহত্যা। শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা করার নির্দেশও দিয়েছে আদালত। অথচ সেপ্টেম্বর মাসেই ১৬০টিরও বেশি নাগরিক ও মানবাধিকার সংগঠন যৌথ বিবৃতি দিয়ে মালয়েশিয়ার প্রত্যাবর্তন কর্মসূচি বন্ধের দাবি জানিয়েছিল। তাদের আশঙ্কা, দেশে ফিরলে শরণার্থীরা পুনরায় হিংসা, নিপীড়ন এবং জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগের শিকার হতে পারেন। রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাও জানিয়েছে, আটক কেন্দ্র থেকে শরণার্থীদের ফেরত পাঠানো হলে তাঁদের প্রত্যাবর্তন আদৌ স্বেচ্ছামূলক কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। অন্যদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যুক্তি, বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ার আর্থিক চাপ বহন করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। মায়ানমার সরকার প্রত্যাবর্তনকারীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে বলেও তাঁর দাবি। কিন্তু যে দেশে এখনও গৃহযুদ্ধ চলছে, যে রাষ্ট্রকে রোহিঙ্গা গণহত্যার জন্য দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত, সেখানে শরণার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা কতটা রয়েছে?

(ব্যবহৃত ছবি সংগৃহীত)

আমাদের লক্ষ্য

আমরা নিজেদেরকে “প্রতিরোধের গণমাধ্যম” হিসেবে দেখি।

জীবের বহুসংকটকে, জীবের বহুদুঃখকে আমরা মধ্যমপ্রতিপদের অবস্থান থেকে বোঝার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, এবং বৃহত্তর বাস্তুতান্ত্রিক সংহতি আন্দোলন ও বাস্তুতান্ত্রিক সংহতি জোটের সাথে হাত মিলিয়ে তাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ করুন

ইমেল: thedegrowthofficial.com