টুকরো খবর - বাদ পড়া নাগরিকদের আবেদন আগে শুনতে হবে : সুপ্রিম কোর্ট

হোয়াটসঅ্যাপএক্সফেসবুক

বাদ পড়া নাগরিকদের আবেদন আগে শুনতে হবে - সুপ্রিম কোর্ট

ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের আবেদন আগে শুনতে হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR সংক্রান্ত মামলায় সোমবার, ২৩ নভেম্বর এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। অন্যদিকে, ভোটার তালিকায় ইতিমধ্যে অন্তর্ভুক্ত নাগরিকদের নাম বাদ দেওয়ার আবেদনগুলির শুনানি আপাতত স্থগিত রাখা যেতে পারে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গে SIR সংক্রান্ত মোট ৩৮ লক্ষ ৩১ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২২ লক্ষ ২১ হাজার আবেদন নিজেদের নাম ভোটার তালিকায় ফেরানোর জন্য। বাকি ১৬ লক্ষ ১০ হাজার আবেদন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন উঠছে, এত বিপুল সংখ্যক আবেদনের নিষ্পত্তি হবে কবে? আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানিয়েছেন, প্রায় ৩৮ লক্ষ আবেদনের মধ্যে মাত্র এক লক্ষের কিছু বেশি আবেদনের নিষ্পত্তি হয়েছে। আইনবিষয়ক সংবাদমাধ্যম লাইভ ল জানাচ্ছে, প্রশান্ত ভূষণের বক্তব্য অনুযায়ী, নিষ্পত্তি হওয়া নাম বাদ সংক্রান্ত আবেদনের প্রায় ৯৩ শতাংশ ক্ষেত্রেই বাদ পড়া ভোটারদের পক্ষে সিদ্ধান্ত হয়েছে। এই পরিসংখ্যান স্বাভাবিকভাবেই নাম বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে, আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনের কথা মাথায় রেখে কলকাতা পুর এলাকার বাদ পড়া ভোটারদের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রশান্ত ভূষণের বক্তব্য অনুযায়ী, শুধুমাত্র কলকাতা পুর এলাকাতেই দুই লক্ষের বেশি বাদ পড়া ভোটারের আবেদন বিচারাধীন। বর্তমানে পশ্চিমবঙ্গে SIR সংক্রান্ত আবেদনের নিষ্পত্তির জন্য ১৯টি আপিল ট্রাইব্যুনাল রয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে এই ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।

উল্লেখিত আদালতের নির্দেশ গুলি দেখে ইতিবাচক ভাবনার কিংবা স্বস্তি পাওয়ার মতো আদেও কী কিছু আছে? আদালতের এইরূপ ‘একটু ভালো কথা, আবার একটা নেগেটিভ রায়’ SIR নিয়ে এই খেলা চলছেই। অপরদিকে SIR এ বাদ পড়া নাগরিকদের একের পর এক সরকারি সুযোগ সুবিধা বন্ধ হচ্ছে, রেশন পর্যন্ত পাচ্ছেন না অনেকে। এখনও পর্যন্ত নিস্পত্তির গতি যা বলছে, তাতে খুব স্পষ্টই বোঝা যাচ্ছে আগামী কর্পোরেশন ও পুর নির্বাচন বাদ দেওয়া ভোটার তালিকাতেই হবে।

(ব্যবহৃত ছবি সংগৃহীত) (Image sourced from external sources)

আমাদের লক্ষ্য

আমরা নিজেদেরকে “প্রতিরোধের গণমাধ্যম” হিসেবে দেখি।

জীবের বহুসংকটকে, জীবের বহুদুঃখকে আমরা মধ্যমপ্রতিপদের অবস্থান থেকে বোঝার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, এবং বৃহত্তর বাস্তুতান্ত্রিক সংহতি আন্দোলন ও বাস্তুতান্ত্রিক সংহতি জোটের সাথে হাত মিলিয়ে তাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ করুন

ইমেল: thedegrowthofficial.com