শুরুর কথা - ইন্দোনেশিয়ার সাহিত্য ও রাজনৈতিক ইতিহাসে প্রমোদিয়া অনন্ত তুর (Pramoedya Ananta Toer, ১৯২৫–২০০৬) এক গুরুত্বপূর্ণ নাম। তাঁর সাহিত্যজীবনের বড় অংশ জুড়েই রয়েছে ইন্দোনেশিয়ার রাজনৈতিক উত্থান-পতন, কারাবাস এবং সেন্সরশিপের অভিজ্ঞতা।

১৯৬৫ সালে ইন্দোনেশিয়ায় সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর ব্যাপক কমিউনিস্ট-বিরোধী হত্যাকাণ্ডের পাশাপাশি অসংখ্য রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে বন্দি করা হয়। প্রমোদিয়াও তাঁদের একজন। কোনো বিচার ছাড়াই তাঁকে দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়। তাঁর বন্দিজীবনের একটি বড় অংশ কাটে পূর্ব ইন্দোনেশিয়ার বুরু দ্বীপে।
এই বন্দিদশাতেই জন্ম নেয় তাঁর বিখ্যাত চারটি উপন্যাসের সংকলন, যা ‘বুরু চতুষ্টয়’ (Buru Quartet) নামে পরিচিত। উপন্যাস চারটি হলো This Earth of Mankind, Child of All Nations, Footsteps এবং House of Glass। লেখার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবহারের অনুমতি বা সুযোগ না থাকায় প্রথমদিকে প্রমোদিয়া সহবন্দিদের কাছে মুখে মুখে গল্পাকারে এই কাহিনি শোনাতেন। পরে তা লিখিত রূপ পায়। পরবর্তীকালে সুহার্তোর শাসনামলে তাঁর এই বইগুলিও নিষিদ্ধ হয়।
হঠাৎ ২০২৬ সালে দাঁড়িয়ে এই প্রবন্ধের অনুবাদের পড়য়োজনীয়তা কেন অনুভব করলাম, আশা করি পাঠক লেখাটির প্রতিটি বাক্যতে তার উত্তর পেয়ে যাবেন এবং মিলিয়ে নিতে পারবেন চলমান সময়কে।
অনুবাদ
ভয়ের সংস্কৃতির মধ্যে বেঁচে থাকার বাস্তবতাকে বুঝতে প্রমোদিয়া পড়া
এই প্রবন্ধটির সূচনা একটি স্মারক বক্তৃতা থেকে, যা আমি জাকার্তায় ‘প্রমোদিয়া অনন্ত তুর’ (Pramoedya Ananta Toer, ১৯২৫–২০০৬) শতবর্ষ উদ্যাপনের সমাপ্তি অনুষ্ঠানে বলেছিলাম। এই স্মৃতিচারনার অনুষ্ঠানটি শুরু হয়েছিল গত বছরের ৬ ফেব্রুয়ারি এবং শেষ হয় গতকাল (৬ ফেব্রুয়ারি, ২০২৬), তামান ইসমাইল মারজুকিতে একটি ছোট সমাবেশের মাধ্যমে। সেই সময় ১৯৮৪ সালে লেখা তাঁর একটি ছোট প্রবন্ধ, (Abad Nuklir dan Budaya Takut) অর্থাৎ ‘পারমাণবিক যুগ ও ভয়ের সংস্কৃতি’, আমাকে নতুন করে ভাবিয়ে তোলে। ২০২৬ সালে দাঁড়িয়ে এই লেখাটির কাছে ফিরে যাওয়া কিছুটা অদ্ভুত মনে হতে পারে। অথচ আশ্চর্যজনকভাবে লেখাটি আজকের সময়ের সঙ্গে ভীষণ প্রাসঙ্গিক ভাবে মিলে যায়।
প্রমোদিয়া তাঁর প্রবন্ধের শুরুতেই একটি জোরাল স্পষ্ট বক্তব্য তুলে ধরেন। বলেন যে, মানুষের ভয়ের যে পিরামিড, সেই পিরামিডের শীর্ষে অবস্থান করে পারমাণবিক অস্ত্র। এই ভয় শুধুমাত্র ব্যক্তিগত অনুভূতি নয়; এটি রাজনৈতিক পরম্পরা থেকে প্রাপ্ত বা রাজনৈতিক উত্তরাধিকার, এটি এমন একটি হাতিয়ার যা মানুষকে সহজে নিয়ন্ত্রণযোগ্য করে তোলে এবং মানুষের অধিকার কেড়ে নেওয়ার রাস্তা সহজ করে। ভয়ের কার্যকারিতা সম্বন্ধে তিনি লেখেন, এই ভয় এতটাই ফলপ্রসূ যে—এটি মানুষকে শাসন করার খরচ কমায় এবং মানুষকে নিজেদের দ্বারাই নিয়ন্ত্রিত হতে শেখায়।
এরপর পৃথিবীটা যেন তাঁর কথাকেই সত্যি প্রমাণ করার জন্য একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে শুরু করল।

তথ্যসূত্র: ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস (FAS), fas.org
জন্মশতবার্ষিকী সমাপ্তি অনুষ্ঠানের ঠিক আগের দিন সংবাদমাধ্যমের অধিকাংশ শিরোনামেই একটি তারিখ বিশেষভাবে জায়গা করে নিয়েছিল; ৫ ফেব্রুয়ারি, ২০২৬—মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণের সর্বশেষ দ্বিপাক্ষিক চুক্তি ‘নিউ স্টার্ট’ (New START)-এর মেয়াদ শেষ হওয়ার দিন। এই চুক্তির অবসানের মধ্য দিয়ে পারমাণবিক অস্ত্রের মজুদের ওপর দীর্ঘ কয়েক দশকের আইনি বাধ্যবাধকতার ইতি ঘটল। এর ফলে, দুই দেশ স্বেচ্ছায় সংযম না দেখালে বিশ্ব এক অনিয়ন্ত্রিত পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার যুগে প্রবেশ করবে। এই দিনটি যেন ১৯৮৪ সালে দেওয়া প্রমোদিয়ার সেই সতর্কবার্তারই এক নির্মম সত্যি হয়ে দাঁড়িয়েছে। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে, ১৯৬০-এর দশক থেকে চলে আসা পারমাণবিক হুমকি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ভয় আবার ফিরে এসেছে।
'অস্ত্র নিয়ন্ত্রণ' কে ভূরাজনীতি বিষয় থেকে বিচ্ছিন্ন করা এবং এটিকে শুধুমাত্র বিশেষজ্ঞ ও রাষ্ট্রপ্রধানদের আলোচনার বিষয় হিসেবে রেখে দেওয়া সহজ। প্রামোয়েদ্যা এই সাজানো যুক্তি কে অস্বীকার করেন। তাঁর মতে, বন্দুকটি আমাদের সবার দিকেই তাক করা। তিনি এর পিছনের রাজনৈতিক কৌশল কে স্পষ্ট করে বলেন: যারা বন্দুক ধরে আছে, তারা আমাদের ভয় চায়, কারণ ভয় তাদের ক্ষমতা বাড়াতে এবং মানুষের অধিকার কেড়ে নিতে সাহায্য করে। পারমাণবিক শক্তি এই আতঙ্ক এর চূড়ান্ত উদাহরণ, এটি ভয়ের সম্পূর্ণ রাজনৈতিক কৌশল বা পদ্ধতিটিকে স্পষ্ট করে। এটি যখন অস্তিত্বের সংকট হিসেবে উপস্থাপিত হয়, তখন মানুষ অস্বাভাবিক রাষ্ট্রীয় ক্ষমতাকে যুক্তিযুক্ত বলে মেনে নেয়। “হুমকি” হয়ে ওঠে সমস্ত ধারানার মূল ধারণা, আর এরপর অস্বাভাবিক ক্ষমতার বিস্তার ঘটে এবং মনে হয় যেন এটাই স্বাভাবিক।
এভাবেই “ভয়ের সংস্কৃতি” শুধু পারিপার্শ্বিক বাতাবরণেই সীমাবদ্ধ থাকে না, এই সংস্কৃতিই হয়ে ওঠে একটি পরিকাঠামো।
সমসাময়িক কর্তৃত্ববাদী শাসনের অধীনে প্রমোদিয়ার উপলব্ধির এই অংশটিই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হয়। আধুনিক যুগের ভয় কেবল লাঠিচার্জ বা নিষেধাজ্ঞার মাধ্যমে টিকিয়ে রাখা হয় না। এটি বরং এটি জন্ম নেয় নানা ধরনের নতুন ধাঁচা বা গড়ন (Forms), অনুমতি(Permits), অস্পষ্ট আইন (ambiguous legal categories), স্বেচ্ছাচারী প্রয়োগ (discretionary enforcement) এবং ব্যয়বহুল প্রক্রিয়ার (costly procedures) মাধ্যমে। সবচেয়ে শক্তিশালী সেন্সরশিপ কখনই সেন্সরের কলম নয়; বরং এমন এক নিয়ম যা বোঝা যায় না, এমন মানদণ্ড যা ব্যাখ্যা করা যায় না, এমন অনুমতি যা পাওয়া বা না পাওয়া অনিশ্চিত বা পাওয়া না পাওয়া একই। কিংবা এমন কোনো প্রক্রিয়া থেকে, যেখানে শেষ পর্যন্ত আপনি ‘জিতলেও’ সেই প্রক্রিয়ার খরচই আপনার শাস্তি হয়ে দাঁড়ায়।
এর মধ্যে থেকেই মানুষ ধীরে ধীরে শিখে নেয় যে, নিরাপত্তা সত্যের ভেতরে নেই, বরং সবকিছু এড়িয়ে চলার মধ্যেই নিহিত। এরপর মানুষ আগাম ব্যর্থতার ঠাওর করতে শুরু করে, প্রশাসনিক, সামাজিক, আইনি সমস্ত ক্ষেত্রে। আর এই আগাম আশঙ্কার ভেতরেই তারা সহজে শাসনযোগ্য হয়ে ওঠে।
যে সমাজ এড়িয়ে চলা শেখে, সেই সমাজ এটিকেই ধীরে ধীরে নৈতিক গুণ বলে মনে করতে শুরু। শৃঙ্খলা (Order) হয়ে ওঠে পবিত্র শব্দ, স্থিতিশীলতা (Stability) হয়ে ওঠে নৈতিক যুক্তি, সম্বনয় (Harmony) হয়ে ওঠে বাধ্যতামূলক দাবি। এই অবস্থায় ভয়কে আর ভয় বলে মনে হয় না, এটিকে পরিণত বোধ বলে মনে হতে থাকে। শাসককে ভয় পেতে হবে বলতে হয় না, নাগরিকরাই একে অন্যকে কখনও কখনও ভালোবাসা বা উদ্বেগের জায়গা থেকে বলতে শুরু করে—সাবধানে পা ফেলো, ওটা নিয়ে বেশি এগিও না, ঝামেলায় জড়িও না। এইভাবেই ভয় সংস্কৃতি হয়ে ওঠে, সতর্কতার নামে এর ধারাবাহিকতা, এর পরম্পরা তৈরী হয়।
ফ্র্যাঙ্ক ফুরেডি এই পরিস্থিতির একটি পরিণতির কথা বলেছেন। ভয়ের সংস্কৃতিতে মানুষ এমনভাবে ভীত হয়ে উঠতে পারে, যা ধ্বংসাত্মক, আত্মবিশ্বাসহীন এবং নিয়তিবাদী। একসময় তারা বিশ্বাস করতে শুরু করে যে, নিজেদের কর্মকাণ্ডের ফলে তৈরি হওয়া অস্তিত্বসংকট মোকাবিলা করার ক্ষমতা মানুষের নেই।
এই গণ অসহায় বোধই শক্তিশালী স্বৈরাচারী নেতার প্রতি মানুষের আকর্ষণ তৈরি করে। এই নেতাকে, নেতার প্রতিশ্রুতি কে তারা তাদের অনিশ্চিত জীবনের নিশ্চয়তা বলে মনে করে। এগুলিকে ভয়ের এক একটি উপসর্গ বলা চলে। এইভাবেই ভয়ের দ্বারা পালিত হয় মানুষ, ভয় প্রাতিষ্ঠানিক রূপ নেয়, তারপর ভয় শুধুমাত্র আর আবেগ হিসেবে থাকে না, ভয় হয়ে ওঠে ক্ষমতার নতুন ভিত্তি।

তথ্যসূত্র: ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম VIVA.co.id
যদি ভয় তৈরি করা যায়, তবে তা ভাঙাও সম্ভব। কিন্তু প্রামোয়েদ্যা আমাদের আরও কঠিন প্রশ্ন করতে শেখায়: কীভাবে ভয়ের মূল বা কাঠামোগত স্তর থেকে প্রতিরোধ শুরু করা যায় ?
এখানে তাঁর আরেকটি দৃঢ় শব্দবন্ধের ধারণা আমাদের সামনে উঠে আসে—সাহস। ভয় নিয়ে কাজ করা অন্যান্য অনেক তাত্ত্বিকের চেয়ে আলাদা পথে হেঁটে প্রমোদিয়া বারবার ‘সাহস’-এর কথায় ফিরে আসেন। সাহসকে তিনি স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবে দেখেন না, ব্যক্তিগত গুণ হিসেবেও নয় কিংবা নায়কের বীর গাঁথার মতোও নয়। তাঁর মতে, সাহস সামাজিকভাবে নির্মিত হয়। সাহস গড়ে তুলতে হয়, এর প্রশিক্ষণ হয়, বিভিন্ন উপকরণ ও উপায়ের মাধ্যমে একে টিকিয়ে রাখতে হয়।
তার যুক্তিকে সহজ ব্যাখ্যায় বলা যেতে পারে, সাহস হলো মানুষের সত্তা নির্মাণের একটি পন্থা। এর মধ্যে থেকেই মানুষ এবং সম্প্রদায় ইতিহাসের নিস্ক্রিয় বস্তুগত অবস্থান থেকে এক সক্রিয় সচল অবস্থানের দিকে এগিয়ে চলে। এই প্রক্রিয়া একই সঙ্গে তিনটি স্তরে কাজ করে—জ্ঞানতাত্ত্বিক(epistemic), নৈতিক(ethical) এবং বস্তুগত(material)।
জ্ঞানতাত্ত্বিক সাহস (Epistemic courage) সাহস তৈরী হয় নথিবদ্ধকরণ (documentation) করার কাজ থেকে। আর্কাইভ থেকে, মানুষের অভিজ্ঞতাকে তথ্যপ্রমাণের ভিত্তিতে গুছিয়ে তোলার নিরলস প্রচেষ্টা থেকে। প্রামোয়েদ্যা বলেন, নথিবদ্ধকরণ (Documentation) শুধু স্মৃতি সংরক্ষণ করে না, এটি মানুষকে কথা বলার সাহস যোগায়। যে শাসন ব্যবস্থা ভয় দেখিয়ে শাসনকার্য চালায়, সেখানে আতঙ্ক তৈরির সবথেকে কার্যকর উপায় হলো মানুষকে অনিশ্চয়তার মধ্যে একা করে দেওয়া। তথ্যসংগ্রহের (documentation) কাজ এই প্রক্রিয়াকে ভেঙে দেয়, এটি "ওমুকের কথা" কে প্রমাণ হিসেবে হাজির করে, সত্য আরও দৃঢ় হয়, সত্যকে উচ্চারণ করার জোরালো সাহস তৈরী হয়।
নৈতিক সাহস (Ethical courage) হলো অবস্থান নেওয়ার সাহস। প্রমোদিয়া নিরপেক্ষতা কে সন্দেহ করছেন, কারণ একটি পরিকল্পিত সংঘাতের ভেতরে নিরপেক্ষতা কখনোই তার চরিত্র বা প্রভাবের দিক থেকে সত্যিকার অর্থে নিরপেক্ষ নয়। এখানে নৈতিকতার মূল বিষয়টি নিজেকে নীতিবান হিসেবে জাহির করা নয়। বরং সচেতন ও শৃঙ্খলাবদ্ধভাবে নিজের অবস্থান নির্ধারণ করা। কারণ আপনি জানেন ঝুঁকি কোথায় রয়েছে এবং চুপ থাকলে লাভ কার হয়। সাহস শুধুমাত্র উচ্চস্বরে কথা বলা নয়। সাহস হল, এমন সময়ে একটি পক্ষ বেছে নেওয়া, যখন আপনি জানেন নীরব থাকলে আপনার আখেরে লাভ এবং কথা বললে কী পরিণতি হতে পারে, এই সম্পর্কে সচেতন থেকেও আপনার সিদ্ধান্ত নেওয়া।
বস্তুগত সাহস (Material courage) হলো সৃষ্টির সাহস—নিজেকে কেবল একটি যন্ত্র, কিংবা অন্য কারও উদ্দেশ্যের বাহক হয়ে বেঁচে থাকতে অস্বীকার করার সাহস। এটি নিজের পায়ে দাঁড়ানোর ওপর জোর দেয়, যেখানে মস্তিষ্ক ও হাত একসঙ্গে কাজ করে। এই সাহস গুরুত্বপূর্ণ, কারণ মানুষ যখন মনে করতে শুরু করে যে অনুমতি ছাড়া তারা কিছু তৈরি করতে পারবে না, কিছু গড়ে তুলতে পারবে না কিংবা কিছু টিকিয়ে রাখতে পারবে না, তখনই ভয় সবচেয়ে বেশি তাদের অক্ষম বা পঙ্গু করে তোলে। বস্তুগত সাহস হলো এই ভয়ের বিরুদ্ধে ধীরে ধীরে স্বনির্ভরতা গড়ে তোলার প্রক্রিয়া।
প্রমোদিয়া আমাদের সামনে এমন একটি জীবন্ত উদাহরণ রেখে গেছেন, যেখানে এই তিন ধরনের সাহস একত্রিত হয়েছে। সেটি কোনো ব্যক্তির পৌরাণিক বীরত্বগাথা নয়। সেটি হলো দীর্ঘ সময় ধরে নানা বাধা ও বিচ্ছিন্নতার মধ্য দিয়ে জন্ম নেওয়া ‘বুরু চতুষ্টয়’ (Buru Quartet)।
এই সাহিত্যপ্রকল্পের সূচনা হয়েছিল ষাটের দশকে, একটি বৌদ্ধিক ও রাজনৈতিক ভাবনার দিগন্ত হিসেবে। কিন্তু ১৯৬৫ সালের ঘটনাবলি সেই উদ্যোগকে ছিন্নভিন্ন করে দেয়। পরে এমন এক পরিস্থিতিতে প্রকল্পটির কাজ আবার শুরু হয়, যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল প্রমোদিয়া যে ধরনের স্বাধীন ও সক্রিয় মানবসত্তার ওপর জোর দিয়েছিলেন, তাকেই ধ্বংস করার জন্য। কারাগার শুধু মানুষের শরীরকে শাস্তি দেয় না। তা মানুষের সময়, ভাষা ও পারস্পরিক বিশ্বাসের সম্পর্ককেও নতুনভাবে নিয়ন্ত্রণ করে ও সাজিয়ে তোলে। কারাগারের উদ্দেশ্য কথা বলাকে অসম্ভব করে তোলা, স্মৃতিকে অনির্ভরযোগ্য করে তোলা এবং সংহতিকে বিপজ্জনক করে তোলা। এর লক্ষ্য এমন এক পরিস্থিতি তৈরি করা, যেখানে সাহস দেখানোকে আত্মহত্যার সমতুল্য মনে হয়।

তথ্যসূত্র: Gramedia.com
তা সত্ত্বেও ‘বুরু চতুষ্টয়’ (Buru Quartet) আত্মপ্রকাশ করেছিল। প্রথমে দমনমূলক পরিস্থিতির মধ্যে মৌখিক বর্ণনা হিসেবে, তারপর লিখিত রূপে এবং শেষে প্রকাশনার মাধ্যমে। এই প্রকাশনার পেছনে কাজ করেছিল এক ভঙ্গুর অথচ বিকল্প পরিকাঠামো। যার মধ্যে ছিল ‘হাস্তা মিত্র’ (Hasta Mitra)-র মতো প্রকাশনা ও সহযোগিতার নেটওয়ার্ক এবং সেন্সরশিপের মধ্যেও বই ছড়িয়ে দেওয়ার ঝুঁকিপূর্ণ প্রচেষ্টা। এটাই আসল বিষয়। এখানে সাহস কেবল প্রমোদিয়ার ব্যক্তিগত সাহস ছিল না। সেই সাহস ছড়িয়ে ছিল বিভিন্ন মানুষের সম্পর্কের মধ্যে—সম্পাদক, মুদ্রক, বই পৌঁছে দেওয়ার কাজে যুক্ত মানুষ এবং পাঠকদের মধ্যে। একটি বিকল্প পরিকাঠামো সেই সাহসকে বহন করে নিয়ে গিয়েছিল।
আমার প্রজন্মের অনেকের কাছেই এই উপন্যাসগুলির সঙ্গে পরিচয় কেবল গৎবাঁধা প্রতিরোধের অনুপ্রেরণা হয়ে ওঠেনি। বরং এগুলি আমাদের অন্যভাবে চিন্তা করতে শিখিয়েছিল। যা আমাদের শিখিয়েছিল সরকারি ইতিহাসের ভাষ্যের বিপরীতে দাঁড়িয়ে ইতিহাসকে পড়তে, শাসকগোষ্ঠীর নৈতিকতার ভাষাকে সন্দেহ করতে, তথ্যপ্রমাণ ও দ্বন্দ্বের ভিত্তিতে রাজনৈতিক চেতনাকে নতুন করে নির্মাণ করতে এবং এমন এক ইন্দোনেশিয়ার কল্পনা করতে, যা রাষ্ট্রের ভয়নির্ভর কল্পনার মধ্যে সীমাবদ্ধ নয়।
সেই অর্থে ‘বুরু চতুষ্টয়’ (Buru Quartet) জ্ঞানতাত্ত্বিক সাহসে (Epistemic courage)-র কাজ করেছে —একটি নতুন আর্কাইভ হিসেবে, নৈতিক সাহসে (Ethical courage)-র কাজ করেছে —ইতিহাস ও ক্ষমতার প্রতি নতুন অবস্থান গড়ে তোলার মাধ্যমে, এবং বস্তুগত সাহসে (Material courage)-র কাজ করেছে —প্রতিকূল শাসনব্যবস্থার মধ্যেও যে স্বাধীনভাবে সৃষ্টিশীল কাজ করা সম্ভব, তার প্রমাণ হিসেবে।
এই আলোচনা আমাদের আবার ফিরিয়ে আনে সাহস ও ভয় গড়ে ওঠার সামাজিক ও প্রাতিষ্ঠানিক শর্তগুলির রাজনীতিতে। যদি আইন, প্রতিষ্ঠান, প্রশাসনিক প্রক্রিয়া এবং সংস্কৃতির পুনরাবৃত্তির মধ্য দিয়ে ভয়কে লালন করা যায়, তবে সাহসকেও কেবল স্লোগানে সীমাবদ্ধ না রেখে নির্দিষ্ট সামাজিক ও প্রাতিষ্ঠানিক পরিবেশের মধ্য দিয়ে গড়ে তুলতে হবে। প্রশ্নটি তাই এই নয় যে, ‘মানুষ কি জন্মগতভাবে সাহসী?’ বরং প্রশ্ন হলো, ‘কোন ধরনের পরিবেশে সাহসী হয়ে ওঠার সম্ভাবনা বাড়ে?’, ‘কোন পরিবেশ সাহসকে দীর্ঘস্থায়ী করে?’, ‘কোন পরিবেশে সাহস একজনের কাছ থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে?’। আজ এই প্রশ্ন বিশেষভাবে জরুরি। কারণ সমকালীন কর্তৃত্ববাদ সব সময় নাটকীয় কোনো সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজির হয় না। অনেক সময় তা আসে সতর্কতাকে স্বাভাবিক করে তোলার মধ্য দিয়ে, মানুষকে নিজের কথার ওপর নিজেই সেন্সরশিপ চালাতে শেখানোর এক সামাজিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, দৈনন্দিন জীবনকে ধীরে ধীরে ঝুঁকি ব্যবস্থাপনার অনুশীলনে পরিণত করার মধ্য দিয়ে।
এই কারণেই ক্রমবর্ধমান দমনপীড়নের মুখে দাঁড়িয়েও ভয় ও সাহসের ধারণা নিয়ে তাত্ত্বিক আলোচনা গুরুত্বপূর্ণ। তার কারণ এই নয় যে, বিশ্লেষণ করলেই কোনো জাদুবলে সাহস তৈরি হয়ে যাবে। কিংবা ভয়ের উৎস বুঝতে পারলেই কেউ নিশ্চিতভাবে সাহসী হয়ে উঠবেন। বরং কারণ হলো, ধারণাগত স্পষ্টতা না থাকলে ভয়কে খুব সহজেই স্বাভাবিক বলে প্রতিষ্ঠা করা যায়। তখন ভয়কে নতুন নামে হাজির করা হয়—‘বাস্তববাদ’ (Realism), ‘পরিণতিবোধ’ (Maturity), ‘শৃঙ্খলা’ (Order), ‘সাধারণ বুদ্ধি’ (Common sense)। আর একবার ভয়কে স্বাভাবিক বলে মেনে নেওয়া হলে, তাকে টিকিয়ে রাখার প্রাতিষ্ঠানিক পরিকাঠামোও মানুষের চোখের আড়ালে চলে যায়। ক্ষমতা তখন আবহাওয়ার মতোই স্বাভাবিক ও অনিবার্য বলে মনে হতে থাকে।
গতকাল শেষ হওয়া প্রমোদিয়ার জন্মশতবর্ষ উদ্যাপন তাই কেবল একজন সাহিত্যিককে স্মরণ করার অনুষ্ঠান নয়। এটি তাঁর রেখে যাওয়া চিন্তা ও সংগ্রামের হাতিয়ারগুলিকে আবার নতুন করে কাজে লাগানোর আহ্বান। ১৯৮৪ সালে পারমাণবিক যুগের দিকে তাকিয়ে তিনি দেখেছিলেন ভয়ের এক পিরামিড। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছিলেন, এই সমস্যা আমাদের সকলের। তিনি প্রশ্ন তুলেছিলেন, মানুষের প্রাণশক্তি ও সৃজনশীলতা কি এই অচলায়তন ভাঙতে পারে? আমি তাঁর সেই ভাবনাটুকুই ধরে রাখতে চাই— আশা, তবে শৃঙ্খলাবদ্ধ আশা। এমন আশা, যা ভয়কে অস্বীকার করে না, সাহসকে রোমান্টিক বীরত্বের মোড়কে ঢেকে দেয় না এবং মানুষের নিজের উদ্যোগ ও কর্মক্ষমতাকে কোনো শক্তিশালী শাসকের হাতে সমর্পণ করে না। বরং প্রমোদিয়ার সঙ্গে দাঁড়িয়ে প্রশ্ন তোলে—কীভাবে মানুষ ইতিহাসের সক্রিয় চরিত্র হিসেবে গড়ে ওঠে, কীভাবে সেই সত্তাকে ভেঙে দেওয়া হয় এবং কীভাবে তাকে আবার নতুন করে গড়ে তোলা সম্ভব।
(অনুবাদটি নিপুণ করতে সহযোগিতা করেছেন অর্পিতা ভট্টাচার্য)
মূল লেখা




আলোচনা 1 মন্তব্য