"কমই বেশি" (Less is more)-একটি আপাতবিরোধী সত্য
মতামত/বিশ্লেষণ

"কমই বেশি" (Less is more)-একটি আপাতবিরোধী সত্য

এই নিবন্ধটি পুঁজিবাদী ভোগবাদ এবং আধুনিক উন্নয়নের ধারণা নিয়ে আলোচনা করে। এটি দেখায় কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায়শই পরিবেশ ধ্বংসের মাধ্যমে অর্জিত হয় এবং কিভাবে এটি মানবজাতি ও পৃথিবীর জন্য ক্ষতিকর। নিবন্ধটি ঐতিহ্যবাহী গ্রামীণ জীবন এবং প্রকৃতির সাথে সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে। এটি প্রশ্ন তোলে যে প্রকৃত উন্নয়ন কি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি নাকি পরিবেশগত ভারসাম্য বজায় রাখা।

আলোচনা 0 মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

সবার আগে আলোচনায় যোগ দিন।

▣মতামত/বিশ্লেষণ

"কমই বেশি" (Less is more)-একটি আপাতবিরোধী সত্য

আদিবাসী সমাজের একটি বিখ্যাত প্রবাদ আছে—"যখন পৃথিবীর শেষ গাছটি কেটে ফেলা হবে, শেষ নদীটি বিষাক্ত হয়ে যাবে এবং শেষ মাছটি ধরা পড়বে—তখন মানুষ বুঝতে পারবে যে টাকা চিবিয়ে খাওয়া যায় না।"

PSX_20261120_231733.jpg

বড়রা যখন ভারী ভারী মুঠো বয়ে নিয়ে যাচ্ছে, শিশুটি তখন কয়েকটি গমের শীষ জড়ো করে নিয়ে যাওয়ার প্রস্ততি নিচ্ছে - ছবি - সৌরভ

পুঁজিবাদী ভোগবাদ আমাদের শিখিয়েছে কীভাবে বিলাসবহুল জীবনযাপন করতে হয়, কিন্তু এটা শেখায়নি যে পৃথিবী নামক গ্রহটি অসুস্থ হয়ে পড়লে সেই বিলাসিতা দিয়ে আমরা কী করব! আমরা ভুলে যাই পৃথিবী তৈরি হয়েছে জড় ও সজীব বস্তু দিয়ে। পৃথিবীর সুস্থ থাকার জন্য জড় ও সজীব প্রতিটি বস্তুর প্রয়োজন। তাই প্রাকৃতিক বাস্তুতন্ত্র ধ্বংস করে যে উন্নয়নের ইমারত গড়া হচ্ছে, তার ভিত্তিটাই আজ নড়বড়ে।

একদিন মানুষ আগুন আবিষ্কার করেছিল। তারপর চাকা। কৃষি, নগর, শিল্প, বিদ্যুৎ, ইন্টারনেট—প্রতিটি আবিষ্কার যেন মানুষকে প্রকৃতির সীমাবদ্ধতা থেকে আরও একটু মুক্ত করেছে। আমরা নিজেদের বলেছি—এটাই উন্নতি। বড় রাস্তা, উঁচু বাড়ি, দ্রুতগামী গাড়ি, বেশি উৎপাদন, বেশি আয়, বেশি ভোগ—সবকিছুর যোগফলকে আমরা নাম দিয়েছি উন্নয়ন।

আজকের পৃথিবীতে ‘বৃদ্ধি’ অর্থনীতির সবচেয়ে কাঙ্ক্ষিত শব্দ। জি ডি পি বাড়ছে কি না, শিল্প বাড়ছে কি না, উৎপাদন বাড়ছে কি না, ভোগ বাড়ছে কি না—তার উপর নির্ভর করছে একটি দেশের সাফল্যের মাপকাঠি। অথচ এই হিসাবের খাতায় নদীর মৃত্যু, মাটির উর্বরতা কমে যাওয়া, বন উজাড়, প্রজাতির বিলুপ্তি কিংবা মানুষের মানসিক অস্থিরতার দাম প্রায় কোথাও লেখা থাকে না। অর্থাৎ আমরা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি, যেখানে প্রকৃতিকে ধ্বংস করেও ‘উন্নয়ন’ বলা যায়। ব্যাক্তি জীবনেও এরই প্রতিচ্ছবি। একজন মানুষের ভোগ করার ক্ষমতার ভিত্তিতে নির্ধারিত হচ্ছে ব্যক্তি হিসাবে তার সাফল্য। পুঁজিবাদী ভোগবাদ আমাদের বোঝায় শুধুমাত্র জীবনধারণের জন্য বেঁচে থাকা ভালো থাকা নয়। তাই যে মানুষটি দিনে মাত্র কয়েক ঘণ্টার পরিশ্রমে প্রকৃতির মাঝে থেকে সংগ্রহ করছে তার জীবনধারণের রসদ, ভোগের দুনিয়া তাকে অনুন্নত অভিধায় ভূষিত করছে!

মানুষের সভ্যতার ইতিহাস মূলত প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ইতিহাস। মানবসভ্যতার বিকাশের ইতিহাসে গ্রামগুলি ছিল কেবলমাত্র একটি ভৌগোলিক বসতি নয়, বরং এটি একটি স্বতন্ত্র অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত একক। ভারতের ক্ষেত্রে আমরা দেখি অর্থনৈতিক ও সামাজিক ইতিহাসে প্রাক-ব্রিটিশ যুগের গ্রামগুলোকে প্রায়শই 'স্বয়ংসম্পূর্ণ' বা আত্মনির্ভরশীল একক হিসেবে অভিহিত করা হয়েছে। প্রাক-ঔপনিবেশিক ভারতের গ্রামগুলোর অর্থনৈতিক ও সামাজিক কাঠামো এমনভাবে বিন্যস্ত ছিল যে, দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদা মেটানোর জন্য তাদের বাইরের জগতের ওপর খুব কমই নির্ভর করতে হতো। ১৮৩০ সালে ব্রিটিশ প্রশাসক স্যার চার্লস মেটকাফ (Sir Charles Metcalfe) ভারতীয় গ্রামগুলোকে 'ক্ষুদ্র প্রজাতন্ত্র' (Little Republics) হিসেবে বর্ণনা করেছিলেন। তার মতে, বাইরের রাজবংশ বা শাসকের পরিবর্তন ঘটলেও গ্রামের অভ্যন্তরীণ কাঠামো অটুট থাকত। কার্ল মার্কস এবং স্যার হেনরি মেইনের লেখাতেও ভারতের এই কৃষি ও হস্তশিল্পের সমন্বিত গ্রামীণ অর্থনীতির উল্লেখ পাওয়া যায়। গ্রামের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি ও কুটির শিল্পের মেলবন্ধন। প্রচলিত 'যজমানি প্রথা' (Jajmani System) অনুযায়ী, গ্রামের কৃষক, কামার, কুমার, তাঁতি, ছুতোর ও নাপিত বংশপরম্পরায় একে অপরের সেবা প্রদান করত। মুদ্রার পরিবর্তে উৎপাদিত শস্যের বিনিময়ে পণ্য ও সেবা আদান-প্রদান হতো, যা গ্রামকে অর্থনৈতিকভাবে স্বতন্ত্র রাখত। তবে আধুনিক সমাজতাত্ত্বিক ও ইতিহাসবিদদের (যেমন— এম. এন. শ্রীনিবাস এবং এ. এম. শাহ) মতে, ভারতীয় গ্রামের এই স্বয়ংসম্পূর্ণতা পুরোপুরি বিচ্ছিন্নতা ছিল না। লবণ, লোহা বা কিছু বিশেষ পণ্যের জন্য সাপ্তাহিক হাট এবং আঞ্চলিক বাণিজ্যের ওপর গ্রামগুলো নির্ভরশীল ছিল। তবুও স্থানীয় সম্পদের সুষম ব্যবহারের কারণে গ্রামগুলো ছিল অত্যন্ত স্থিতিশীল।

একই ভাবে ভারতের গ্রামীণ কাঠামোর পাশাপাশি বিশ্বের অন্যান্য অঞ্চলের (যেমন— ইউরোপের ম্যানর ব্যবস্থা, পূর্ব এশিয়ার জাপান ও চীনের কৃষিভিত্তিক গ্রাম, কিংবা আফ্রিকা ও লাতিন আমেরিকার আদিবাসী গ্রাম) গ্রামীণ সমাজের অর্থনীতির ও কিছু মৌলিক বৈশিষ্ট্য ছিল: যেমন ইউরোপে সামন্ততান্ত্রিক ম্যানর প্রথা, পূর্ব এশিয়ায় যৌথ পরিবারভিত্তিক সেচ ও ধান চাষ তাদের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করেছে। আবার গোষ্ঠীগত সংহতি, সমবায়ভিত্তিক শ্রম বিনিময় (যেমন জাপানের Yui প্রথা) সামাজিক বন্ধনের ভিত্তি গড়ে তুলেছে। ব্যক্তিগত চাষাবাদের পাশাপাশি চারণভূমি ও জলাশয়ের যৌথ মালিকানা (Commons), ইউরোপে 'কমন ল্যান্ড' (Common Land) এবং আফ্রিকায় গোষ্ঠীগত ভূমি ব্যবস্থাপনা সম্পদের মালিকানার সুষম জনবন্টন ব্যবস্থার উদাহরন। স্থানীয় কাউন্সিল বা বয়োজ্যেষ্ঠদের সভার মাধ্যমে সামাজিক শৃঙ্খলা রক্ষা স্বায়ত্তশাসন বাবস্থার অন্যতম উদাহরণ।

ভারত তথা বিশ্বের গ্রামগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল প্রকৃতির সাথে সহাবস্থান। পরিবেশকে শোষণ নয়, বরং সংরক্ষণের মাধ্যমেই তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখত। ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের ভিত্তিতে গ্রামের সংলগ্ন বনাঞ্চল সংরক্ষণ করার প্রথা প্রাচীনকাল থেকেই প্রচলিত। মহারাষ্ট্রে 'দেবরাই' (Devrai), কেরালায় 'কাভু' (Kavu), ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে 'সরনা' (Sarna) এবং রাজস্থানে 'ওরান' (Oran) নামে পরিচিত এই পবিত্র বনগুলোতে গাছ কাটা বা শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়ের বৃক্ষ ও বন্যপ্রাণী রক্ষার ইতিহাস বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলনের এক অনন্য দৃষ্টান্ত।ঐতিহ্যবাহী জল সংরক্ষণ ব্যবস্থা যেমন বৃষ্টির জল ধরে রাখা এবং ভূগর্ভস্থ জলের স্তর বজায় রাখতে গ্রামবাসীরা নিজস্ব প্রযুক্তির উদ্ভাবন করেছিল। রাজস্থানের 'জোহার' (Johad) ও 'বাওরি' (Baori), দক্ষিণ ভারতের 'এরি' (Eri) বা ট্যাংক ব্যবস্থা এবং উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ে বাঁশের তৈরি ড্রিপ সেচ ব্যবস্থা (Bamboo Drip Irrigation) পরিবেশবান্ধব জল ব্যবস্থাপনার উৎকৃষ্ট উদাহরণ। বিশ্বের অন্যান্য প্রান্তেও একই ধরনের পরিবেশগত দায়বদ্ধতা দেখা যায়। জাপানের গ্রামীণ সমাজে 'সাতোইয়ামা' (Satoyama) ধারণার মাধ্যমে বন, কৃষিজমি ও জলাশয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা হয়। ইন্দোনেশিয়ার বালিতে 'সুবাক' (Subak) সেচ ব্যবস্থা এবং লাতিন আমেরিকার আন্দিজ পর্বতমালার গ্রামগুলোতে ধাপ চাষ (Terrace Farming) প্রকৃতির ক্ষতি না করে খাদ্য উৎপাদনের বৈশ্বিক নিদর্শন।

অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ইউরোপে শুরু হওয়া শিল্পবিপ্লব মানুষের জীবনযাত্রার মান আমূল বদলে দিল। হাতে তৈরি পণ্যের জায়গা নিল বিশাল সব কলকারখানা। কিন্তু এই যান্ত্রিক বিপ্লবের হাত ধরেই জন্ম নিল আধুনিক পুঁজিবাদী সমাজব্যবস্থা। এই ব্যবস্থায় সাফল্যের মাপকাঠি হয়ে দাঁড়াল কেবলই 'মুনাফা' এবং 'উৎপাদন বৃদ্ধি'। মানুষের এই সীমাহীন চাহিদার জোগান দিতে গিয়ে প্রকৃতিকে আর জীবনের অংশ হিসেবে দেখা হলো না; বরং মাটি, জল, অরণ্য ও খনিজ—অর্থাৎ সমগ্র বাস্তুতন্ত্রকে নিছকই 'ব্যবহারযোগ্য সম্পদ' বা কাঁচামাল হিসেবে শোষণ করা শুরু হলো। প্রকৃতি তখন আর জননী রইল না, হয়ে উঠল ভোগের সামগ্রী এবং শোষণের ক্ষেত্র। ‘অসীম প্রবৃদ্ধি’ র এক অবাস্তব ও আত্মঘাতী তত্ত্ব মানবসভ্যতাকে গ্রাস করল। একটি সীমিত সম্পদের গ্রহে অসীম অর্থনৈতিক বৃদ্ধি যে পদার্থবিজ্ঞান ও বাস্তুসংস্থানের মৌলিক নিয়মের পরিপন্থী, তা আধুনিক অর্থনীতিবিদেরা বেমালুম ভুলে গেলেন। এখানেই ‘বৃদ্ধি’ পরিণত হলো এক মায়াজালে।

আধুনিক রাষ্ট্রব্যবস্থা উন্নয়নের মাপকাঠি হিসেবে দাঁড় করিয়েছে মাথাপিছু আয়, জিডিপি এবং শেয়ার বাজারের সূচককে। কিন্তু এই পরিসংখ্যানের জাদু বাস্তবের রূঢ় সত্যকে আড়াল করে রাখে। একটি দেশের জিডিপি বাড়ার অর্থ এই নয় যে সেই দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। বরং দেখা যাচ্ছে, উন্নয়নের এই রথের চাকার তলায় পিষ্ট হচ্ছে অরণ্য, নদী, পাহাড় এবং সেই সমস্ত প্রান্তিক মানুষ, যাঁরা যুগ যুগ ধরে প্রকৃতিকে আগলে রেখেছিলেন।

‘উন্নয়ন’ নামক এই কল্পকথার আড়ালে তৈরি হয়েছে চরম অর্থনৈতিক বৈষম্য। পৃথিবীর মুষ্টিমেয় কিছু মানুষের হাতে পুঞ্জীভূত হচ্ছে বিশ্বের সিংহভাগ সম্পদ, আর অন্যদিকে কোটি কোটি মানুষ ন্যূনতম খাদ্য, পানীয় জল ও আশ্রয়ের অভাবে ধুঁকছে। বড় বড় বাঁধ তৈরি করতে গিয়ে বাস্তুচ্যুত হচ্ছে লক্ষ লক্ষ আদিবাসী মানুষ; কংক্রিটের জঙ্গল বানাতে গিয়ে ধ্বংস হচ্ছে সবুজ অরণ্য। যে উন্নয়ন মানুষকে তার শিকড় থেকে বিচ্ছিন্ন করে, জীবিকা কেড়ে নেয় এবং অস্তিত্বকে বিপন্ন করে, তাকে কি আদৌ উন্নয়ন বলা চলে? নাকি তা এক সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞের পোশাকি নাম?

UNEP-এর গ্লোবাল রিসোর্সেস আউটলুক ২০২৪ বলছে, গত পাঁচ দশকে পৃথিবী থেকে প্রাকৃতিক সম্পদ আহরণের পরিমাণ তিন গুণেরও বেশি হয়েছে। ১৯৭০ সালে যেখানে প্রায় ৩০ বিলিয়ন টন সম্পদ আহরণ করা হত, তা বেড়ে ২০২০ নাগাদ প্রায় ১০৬ বিলিয়ন টনে পৌঁছেছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৬০ সালের মধ্যে সম্পদ আহরণ ২০২০-এর তুলনায় আরও প্রায় ৬০ শতাংশ বাড়তে পারে।এই সংখ্যাগুলির আড়ালে রয়েছে এক ভয়াবহ সত্য—আমাদের অর্থনীতি যত বড় হচ্ছে, পৃথিবীর উপর তার চাপও তত বাড়ছে।

ইউএনইপি -এর হিসাব অনুযায়ী, সম্পদ আহরণ ও প্রক্রিয়াকরণ থেকেই বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমন এবং বায়ুদূষণের স্বাস্থ্যগত ক্ষতি তৈরি হয়। কৃষি ও বনসম্পদ-নির্ভর বায়োমাস ব্যবহারের সঙ্গে ভূমি-সম্পর্কিত জীববৈচিত্র্যের ক্ষতি এবং জলের দূষণের (water stress)-এরও গভীর সম্পর্ক রয়েছে।

গত কয়েক দশকে শিল্পায়ন ও নগরায়নের নামে আম রা পৃথিবীর ফুসফুস ধ্বংস করেছি, বায়ুমণ্ডলে বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বাড়িয়েছি এবং জলাশয়গুলোকে বিষিয়ে তুলেছি। এর ফলস্বরূপ আজ পৃথিবী এক নজিরবিহীন অস্তিত্বের সংকটের সামনে দাঁড়িয়ে আছে।

জলবায়ু পরিবর্তন আজ আর কোনো ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের নির্মম বাস্তবতা। মেরু অঞ্চলের বরফ গলছে, সমুদ্রের জলস্তর বাড়ছে, অকাল বন্যা ও দীর্ঘস্থায়ী খরা বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। যে প্রযুক্তিকে আমরা প্রকৃতি জয়ের হাতিয়ার ভেবেছিলাম, প্রকৃতির সামান্য রুদ্ররোষের সামনে সেই প্রযুক্তি আজ অসহায়। অতিমারী, দাবানল এবং প্রাকৃতিক বিপর্যয় বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছে যে, প্রকৃতিকে ধ্বংস করে মানুষ একা টিকে থাকতে পারে না। উন্নয়নের ইমারত যত উঁচু হচ্ছে, আমাদের পায়ের তলার মাটি ততই সরে যাচ্ছে।

জি ডি পি বাড়ছে, কিন্তু পৃথিবীর আয়ু?

একটি দেশের জি ডি পি বাড়লে আমরা বলি অর্থনীতি শক্তিশালী হচ্ছে। কিন্তু জি ডি পি কখনও জিজ্ঞাসা করে না—এই বৃদ্ধির মূল্য কে দিচ্ছে?

একটি বন কেটে শিল্পাঞ্চল তৈরি হলে জি ডি পি বাড়ে।

একটি নদীর তীরে কংক্রিটের শহর তৈরি হলে জি ডি পি বাড়ে।

অসুস্থ মানুষ বেশি ওষুধ কিনলে জি ডি পি বাড়ে।

দূষণে অসুস্থ মানুষ হাসপাতালে গেলে জি ডি পি বাড়ে।

বন্যার পরে রাস্তা, সেতু, বাড়ি পুনর্নির্মাণ হলেও জি ডি পি বাড়ে।

অর্থাৎ ধ্বংসের পর পুনর্গঠনও অর্থনীতির কাছে বৃদ্ধি(growth)।

কিন্তু একটি হারিয়ে যাওয়া জলাভূমি, একটি বিলুপ্ত পাখি, একটি মৃত নদী কিংবা একটি নষ্ট মাটির বাস্তুতন্ত্র -এর মূল্য জি ডি পি -র খাতায় কত?

প্রায় শূন্য।

এই কারণেই বৃদ্ধি শব্দটি একটি বিভ্রম—কারণ আমরা বৃদ্ধিকে মাপছি, কিন্তু তার প্রকৃত খরচকে মাপছি না।

মানুষ প্রকৃতিকে জয় করেনি; প্রকৃতির সীমা অতিক্রম করেছে

২০২৫ সালের আর্থ ওভারশুট ডে ছিল ২৪ জুলাই। অর্থাৎ সেই তারিখের পর থেকে মানবজাতি সেই বছরের মধ্যে পৃথিবী যতটা পরিবেশগত সম্পদ পুনরুৎপাদন করতে পারে, তার চেয়ে বেশি ব্যবহার করতে শুরু করেছিল। গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্ক -এর হিসাবে ২০২৫ সালে মানবজাতি প্রকৃতিকে প্রায় ১.৮ গুণ দ্রুত ব্যবহার করছিল, যত দ্রুত পৃথিবীর বাস্তুতন্ত্র তা পুনর্গঠন করতে পারে।

২০২৬ সালে ওভারশুট ডে কিছুটা পিছিয়ে ৩০ জুলাই হয়েছে; কিন্তু এর অর্থ এই নয় যে পৃথিবী সুস্থ হয়ে উঠেছে। গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্ক স্পষ্ট করেছে, তারিখ পিছোনোর বড় কারণ ছিল তথ্য ও হিসাবের সংশোধন; মানবিক সম্পদ-ব্যবহার -এর বাস্তব চাপ কমে যাওয়া নয়। ২০২৬ সালে মানবজাতি এখনও প্রায় ১.৭৩টি পৃথিবীর সমান পরিবেশগত সম্পদ ব্যবহার করছে।

অর্থাৎ আমরা এমন এক সভ্যতা তৈরি করেছি, যা একটি পৃথিবীতে বসবাস করে কিন্তু প্রায় দুই পৃথিবীর সম্পদ ব্যবহার করতে চায়।

মানবসমাজের এই তথাকথিত অগ্রগতির সবচেয়ে ভয়াবহ মূল্য চোকাচ্ছে আমাদের বাস্তুতন্ত্র।

মানবসভ্যতার বিবর্তন আমাদের অসাধারণ ক্ষমতা দিয়েছে। আমরা রোগের চিকিৎসা করি, মহাকাশে যাই, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করি, মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করি।

কিন্তু একই সঙ্গে আমরা এমন এক পৃথিবীও তৈরি করেছি যেখানে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত সক্ষমতা এবং প্রাকৃতিক সম্পদ হ্রাস একসঙ্গে উপস্থিত।

আইপিবিইএস-এর বৈশ্বিক মূল্যায়ন সতর্ক করেছিল যে প্রায় ১০ লক্ষ প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে, এবং বর্তমান বিলুপ্তির হার গত কয়েক কোটি বছরের গড় হারের তুলনায় বহু গুণ বেশি। ভূমি ও সমুদ্র ব্যবহারের পরিবর্তন, জীবের সরাসরি শোষণ, জলবায়ু পরিবর্তন, দূষণ এবং আক্রমণাত্মক প্রজাতি —এই পাঁচটি প্রধান ড্রাইভার-এর পেছনে মানুষের উৎপাদন ও ভোগব্যবস্থাই বড় ভূমিকা রাখছে।

অর্থাৎ মানুষের সাফল্যের গল্পের অন্য পৃষ্ঠায় লেখা হচ্ছে অন্য প্রজাতির পরাজয়ের ইতিহাস।

একটি প্রজাতি যখন অন্য সব প্রজাতির বাসস্থান সংকুচিত করে নিজেকে বিস্তার করতে থাকে, তখন সেটি হয় ‘উন্নয়নের সবচেয়ে বড় স্ববিরোধ’।

আজ পৃথিবীতে প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মানুষের প্রয়োজন আর ভোগের সীমারেখা তত অস্পষ্ট হচ্ছে।

আমাদের প্রয়োজনের সঙ্গে ‘চাহিদা’র পার্থক্য মুছে গেছে।

  1. একটি ফোন যথেষ্ট নয়—আরও নতুন ফোন চাই।

  2. একটি গাড়ি যথেষ্ট নয়—আরও বড় গাড়ি চাই।

  3. একটি বাড়ি যথেষ্ট নয়—আরও বড় বাড়ি চাই।

  4. একটি পোশাক যথেষ্ট নয়—fashion cycle আমাদের আরও কিনতে শেখায়।

এই অসীম ভোগ-ই অর্থনীতির ইঞ্জিন।

কিন্তু পৃথিবীর সম্পদ অসীম নয়।

ফলে সভ্যতার সবচেয়ে বড় অসঙ্গতি হল—অসীম অর্থনৈতিক বৃদ্ধির স্বপ্ন আমরা দেখছি একটি সীমিত গ্রহে বসে।

জাতিসংঘের মানব উন্নয়ন কাঠামো দীর্ঘদিন ধরে জিডিপি-র বাইরে শিক্ষা, স্বাস্থ্য, আয়ু এবং মানুষের সক্ষমতাকে উন্নয়নের মাপকাঠিতে এনেছে। কিন্তু এখন প্রশ্ন আরও গভীর।

  1. একজন মানুষের আয় বাড়ল, কিন্তু সে যদি বিষাক্ত বাতাসে শ্বাস নেয়—সে কি উন্নত?

  2. তার বাড়িতে এয়ার কন্ডিশনার আছে, কিন্তু বাইরের তাপমাত্রা যদি ক্রমাগত বাড়তে থাকে—সে কি নিরাপদ?

  3. তার হাতে অত্যাধুনিক স্মার্টফোন আছে, কিন্তু পান করার মতো পরিষ্কার জল না থাকে—তাহলে সেই প্রযুক্তিগত অগ্রগতির অর্থ কী?

এই কারণেই ইউএনডিপি এখন গ্রহীয় চাপ-সমন্বিত মানব উন্নয়ন সূচক (Planetary pressures-adjusted Human Development Index-PHDI)-এর মতো সূচক ব্যবহার করছে, যেখানে মানুষের উন্নয়নকে কার্বন নির্গমন ও মেটিরিয়াল ফুটপ্রিন্ট এর মতো গ্রহীয় চাপ দিয়ে সমন্বয় করা হয়।

এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।

মানবসভ্যতা এখন এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে প্রযুক্তি আমাদের অভূতপূর্ব ক্ষমতা দিয়েছে, কিন্তু সেই ক্ষমতার সঙ্গে দায়িত্বের সমান বৃদ্ধি ঘটেনি।

আমরা চাঁদে পৌঁছেছি, কিন্তু নিজেদের নদীকে বাঁচাতে পারছি না।

আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছি, কিন্তু পৃথিবীর বাস্তুতান্ত্রিক বুদ্ধিমত্তা -এর সীমা বুঝতে ব্যর্থ হচ্ছি।

আমরা আরও দ্রুত, আরও উঁচু, আরও বড় হওয়ার প্রতিযোগিতায় নেমেছি—কিন্তু ভুলে গেছি, পৃথিবী কোনও সীমাহীন সংরক্ষণাগার নয়।

তাই হয়তো আজকের সবচেয়ে জরুরি প্রশ্নটি জি ডি পি কত বাড়বে তা নয়।

প্রশ্নটি হল—

আমাদের এই ‘উন্নয়ন’ কি আগামী প্রজন্মের বেঁচে থাকার অধিকারটুকু রেখে যাবে? পৃথিবী কতদিন তার এই সিমিত সম্ভার নিয়ে সুস্থ থাকতে পারবে। মানুষের সঙ্গে সমস্ত জীবকুল এবং যাকে আমরা অজৈব বলে নামকরণ করেছি সেই নদী, পাহাড়, মালভুমি, সমুদ্র, মরুভুমি, উপত্যকা প্রত্যেকেই এই পৃথিবীর অংশ। সজীব বস্তু প্রজননের মাধ্যমে এক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যায়। কিন্তু অজৈব বস্তু তথা নদী, পাহাড় প্রভৃতির ধ্বংস যে পৃথিবী থেকে সেগুলিকে একেবারে মুছে ফেলা। আর এই মুছে ফেলা ত একদিন সমস্ত জীবকুল কেই গ্রাস করে ফেলবে।

সম্প্রতি ৯ থেকে ২০ নভেম্বর ২০২৬ তারিখে UNFCCC COP31 অনুষ্ঠিত হয়েছে। এটি তুরস্কের সভাপতিত্বে এবং অস্ট্রেলিয়ার আলোচনার নেতৃত্বে পরিচালিত হয়। এতে নতুন প্রতিশ্রুতির বদলে পূর্ববর্তী অঙ্গীকারগুলোর বাস্তব প্রয়োগ, বৈশ্বিক তাপমাত্রা ১.৫° সেলসিয়াসের নিচে রাখা এবং ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুৎ চাহিদায় নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন শক্তির অংশীদারিত্ব ৩৫%-এ উন্নীত করার ওপর জোর দেওয়া হয়।

এছাড়া, সাম্প্রতিক জীববৈচিত্র্য সম্মেলন (UN Biodiversity COP) CBD COP17 (অক্টোবর ২০২৬, ইয়েরেভান, আর্মেনিয়া) ১৯ থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে ২০৩০ সালের জীববৈচিত্র্য লক্ষ্যমাত্রার (কুনমিং-মন্ট্রিল ফ্রেমওয়ার্ক) প্রথম বৈশ্বিক পর্যালোচনা (Global Review) সম্পন্ন হয়। এতে প্রকৃতির ক্ষয় রোধের ধীরগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে 'ইয়েরেভান পাথওয়ে' (Yerevan Pathway) গৃহীত হয় এবং জীববৈচিত্র্য রক্ষায় অর্থায়ন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমান জলবায়ু সংকটের যুগে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে প্রাচীন গ্রামীণ জ্ঞান বা 'ট্র্যাডিশনাল ইকোলজিক্যাল নলেজ' (TEK) পুনরায় গুরুত্ব পাচ্ছে। জৈব কৃষি, বিকেন্দ্রীকৃত জল ব্যবস্থাপনা এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে ভারতের ও বিশ্বের ঐতিহ্যবাহী গ্রামগুলোর মডেল আধুনিক নীতিনির্ধারকদের পথ দেখাচ্ছে।

ভারতের ইতিহাসের স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলো প্রমাণ করে যে, স্থানীয় সম্পদের সুষম বণ্টন এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ থাকলে একটি সমাজ শতাব্দীর পর শতাব্দী টিকে থাকতে পারে। বৈশ্বিক প্রেক্ষাপটে গ্রামগুলোর এই পরিবেশগত দায়বদ্ধতা কেবল অতীতের ইতিহাস নয়, বরং ভবিষ্যতের টেকসই পৃথিবী গড়ার অন্যতম প্রধান চাবিকাঠি।

আর যদি আমরা উন্নয়নের অর্থ নতুন করে সংজ্ঞায়িত করতে পারি—মানুষ ও প্রকৃতির সহাবস্থান, সীমিত সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহার, কম ভোগে ভালো জীবন এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষা—তবেই হয়তো উন্নয়ন শব্দটি আবার তার হারানো অর্থ ফিরে পাবে।

কারণ শেষ পর্যন্ত মানুষ পৃথিবীকে বাঁচায় না।

পৃথিবীই মানুষকে বাঁচিয়ে রাখে।

আর সেই সত্যটি ভুলে যাওয়াই হয়তো আমাদের সভ্যতার সবচেয়ে বড় অস্তিত্বের সংকট।

পৃথিবী জুড়ে আজ বিভিন্ন সম্মেলন হচ্ছে, নতুন চুক্তি সাক্ষরিত হচ্ছে অনেক শপথ বাক্য পাঠ হচ্ছে কিন্তু ঠান্ডা ঘরের এই সব সম্মেলনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ বড়ই কম। সমাজের প্রতিটি স্তরে প্রকৃতির প্রতি যে দায়বদ্ধতা গড়ে ওঠা দরকার ক্রমশঃ আমরা যেন আরও দূরে সরে যাচ্ছি। প্রতিটি চুক্তির, শপথের সঠিক রূপায়ণের জন্য তৃণমূল স্তরে যে পরিকল্পনা প্রয়োজন তার অভাব প্রতিক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। তাই প্রতিদিন উন্নয়নের চাপে হারিয়ে যাচ্ছে একটা গোটা পাহাড়, একটি গোটা নদী বা একটা গোটা জঙ্গল।

সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রতিটি মানুষের মধ্যে এই পরিবেশ সচেতনতা জাগ্রত করাই হলো সবথেকে কঠিন পরীক্ষা। সরকারি স্তরে যে পরিকল্পনা স্বাভাবিক ছিল পুঁজিবাদীদের চাপে তা ক্রমশঃ পিছু হটছে। বিদ্যালয় স্তরে পরিকল্পনা করে পরিবেশ রক্ষার সচেতনতা জাগ্রত করা যেত আগামী প্রজন্মের মাধ্যমে সেগুলি ও সমষ্টিগত ভাবে গড়ে উঠছে না।

বিবর্তনের পথে এই সভ্যতা একটি অংশ মাত্র আমাদের সমষ্টিগত প্রচেষ্টা এই অংশটির সময়সীমা বাড়াতে পারে মাত্র। এই সচেতনতা সমগ্র মানবসমাজের কাছে কাম্য। কারণ একমাত্র মানুষই পারে পরিবেশে রক্ষার মাধ্যমে নিজে ভালো থাকতে এবং অন্যকে ভালো রাখতে। বিবর্তনের পথে শুভ বুদ্ধি এবং তার প্রয়োগ তো প্রকৃতি তার হাতেই তুলে দিয়েছে।

Summary of Ecological Shifts

Screenshot 2026-11-22 130115

gvc

তথ্যসূত্র:

  1. UNEP–International Resource Panel, Global Resources Outlook 2024; IPBES, Global Assessment Report on Biodiversity and Ecosystem Services; UNDP, Human Development Report 2025 ও Planetary Pressures-adjusted HDI; Global Footprint Network, Earth Overshoot Day 2026.

  2. UNEP - UN Environment Programme +4

  3. মেটকাফ, চার্লস (১৮৩০): Minutes on the Village Communities of India, হাউস অফ কমন্স সিলেক্ট কমিটি রিপোর্ট। (বিস্তারিত: The Myth of Self-Sufficiency of the Indian Village - GGGDC Kolkata)

  4. শ্রীনিবাস, এম. এন. এবং শাহ, এ. এম. (১৯৬০): The Myth of Self-Sufficiency of the Indian Village, দ্য ইকোনমিক উইকলি (The Economic Weekly)।

  5. ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU): Village as an Economic Unit & Jajmani System, সমাজবিজ্ঞান পাঠ্যক্রম। (তথ্যসূত্র: eGyanKosh - Village India)

  6. গ্যাডগিল, মাধব এবং গুহ, রামচন্দ্র (১৯৯২): This Fissured Land: An Ecological History of India, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।

  7. ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (IUCN): Sacred Groves, the Secret Wizards of Conservation। (তথ্যসূত্র: IUCN Blog on Sacred Groves)

  8. সাঁকলা ফাউন্ডেশন ও স্বর্ণরুদ্র জার্নাল (২০২৬): Traditional Indian Practices for Environmental Sustainability & Sacred Groves।

  9. মেডোজ, ডনেলা এইচ. এবং অন্যান্য (১৯৭২): The Limits to Growth (ক্লাব অফ রোম রিপোর্ট) — সীমিত প্রাকৃতিক সম্পদ দিয়ে অসীম অর্থনৈতিক প্রবৃদ্ধি যে অসম্ভব, তা এই গবেষণায় প্রমাণ করা হয়েছে।

  10. ফস্টার, জন বেলামি (২০০০): Marx's Ecology: Materialism and Nature, মান্থলি রিভিউ প্রেস — পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা কীভাবে প্রকৃতি ও মানুষের মধ্যে 'মেটাবলিক রিফ্ট' (Metabolic Rift) বা বিচ্ছেদ তৈরি করেছে তার বিশ্লেষণ।

  11. ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (IPCC): Sixth Assessment Report (AR6) — শিল্পবিপ্লব-পরবর্তী কার্বন নিঃসরণ ও বিশ্ব উষ্ণায়নের ফলে সৃষ্ট অস্তিত্বের সংকট বিষয়ক বৈশ্বিক প্রতিবেদন।

  12. গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্ক (Global Footprint Network): Earth Overshoot Day Reports — পৃথিবীর প্রাকৃতিক সম্পদ পুনরুৎপাদনের ক্ষমতার চেয়ে মানুষের ভোগের হার কতটা বেশি তার বার্ষিক পরিসংখ্যান।

  13. রওর্থ, কেট (২০১৭): Doughnut Economics: Seven Ways to Think Like a 21st-Century Economist, র‍্যান্ডম হাউস — জিডিপি-কেন্দ্রিক প্রবৃদ্ধির বদলে পরিবেশগত সীমার মধ্যে থেকে মানবকল্যাণমুখী অর্থনীতির রূপরেখা

আলোচনা 0 মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

সবার আগে আলোচনায় যোগ দিন।

আমাদের লক্ষ্য

আমরা নিজেদেরকে “প্রতিরোধের গণমাধ্যম” হিসেবে দেখি।

জীবের বহুসংকটকে, জীবের বহুদুঃখকে আমরা মধ্যমপ্রতিপদের অবস্থান থেকে বোঝার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, এবং বৃহত্তর বাস্তুতান্ত্রিক সংহতি আন্দোলন ও বাস্তুতান্ত্রিক সংহতি জোটের সাথে হাত মিলিয়ে তাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ করুন

ইমেল: thedegrowthofficial.com