উৎসবের আলো ঢেকে গেল বিষাক্ত অন্ধকারে!
মতামত/বিশ্লেষণ

উৎসবের আলো ঢেকে গেল বিষাক্ত অন্ধকারে!

এই নিবন্ধটি ২০২৬ সালের দীপাবলি ও কালীপুজোর পর পশ্চিমবঙ্গে বায়ুদূষণ ও শব্দদূষণের ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনা করে। নির্বিচারে আতসবাজি পোড়ানোর ফলে শহর ও মফস্বলে বিষাক্ত ধোঁয়া, সূক্ষ্ম ধূলিকণা এবং রাসায়নিক দূষকের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। এর ফলে শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষ এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে। নিবন্ধটি উৎসবের আনন্দ উদযাপনের অধিকারের পাশাপাশি পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেয় এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

আলোচনা 0 মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

সবার আগে আলোচনায় যোগ দিন।

▣মতামত/বিশ্লেষণ

উৎসবের আলো ঢেকে গেল বিষাক্ত অন্ধকারে!

আলোর উৎসব দীপাবলি। অন্ধকারকে সরিয়ে আলোর উদযাপন, আনন্দ ও মিলনের উৎসব। কিন্তু ২০২৬ সালের দীপাবলি ও কালীপুজো পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে যে বায়ুদূষণ ও শব্দদূষণের পরিস্থিতি তৈরি হয়েছে, তা আমাদের সামনে এক গভীর পরিবেশগত ও জনস্বাস্থ্য সংকটের প্রশ্ন তুলে দিয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং সংলগ্ন শহর ও মফস্বল এলাকায় নির্বিচারে আতসবাজি পোড়ানোর ফলে বাতাসে বিষাক্ত ধোঁয়া, সূক্ষ ধূলিকণা এবং রাসায়নিক দূষকের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। সাথে পাল্লা দিয়ে বেড়েছে অতি শব্দের দাপাদাপি।

প্রতীকী ছবি সূত্র - Yulia Gapeenko

উৎসবের আনন্দ উদযাপনের অধিকার অবশ্যই মানুষের রয়েছে। কিন্তু সেই আনন্দের মূল্য যদি দিতে হয় শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষ, পথের প্রাণী, পাখি, গাছপালা এবং সামগ্রিক বাস্তুতন্ত্রকে, তাহলে সেই উদযাপনের সামাজিক ও পরিবেশগত গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তো উঠবেই। ফলত যে প্রশ্নের মুখোমুখি আজ আমরা, তাহলো উৎসবই বা কার আর দূষণের বোঝাই বা কার?

আমরা বোধহয় ভুলতে বসেছি যে, পরিবেশ কোনও বিশেষ শ্রেণি, ধর্ম, রাজনীতির মানুষের ব্যক্তিগত সম্পত্তি নয়। নির্মল বাতাস, বিশুদ্ধ জল, সুস্থ পরিবেশ এবং জীববৈচিত্র্য প্রত্যেকটি প্রাণের মৌলিক অধিকার। সেই অধিকারকে বিপন্ন করে কোনও উৎসব, কোনও ব্যবসায়িক স্বার্থ কিংবা কোনও ব্যক্তিগত আনন্দকে বৈধতা দেওয়া যায় না। ২০২৬ সালের দীপাবলি ও কালীপুজোর অভিজ্ঞতা সেই বিপদের কথাই আবার সামনে নিয়ে এসেছে।

২০২৬ সালের ৮ নভেম্বর দীপাবলি ও কালীপুজোর রাতে কলকাতার বায়ুদূষণ পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক হয়ে ওঠে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র অনুমোদিত সবুজ বাজি রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পোড়ানোর কথা ছিল। কিন্তু বাস্তবে বহু এলাকায় গভীর রাত পর্যন্ত নিষিদ্ধ ও উচ্চশব্দযুক্ত বাজি ফাটানোর ঘটনা ঘটেছে। ৯ নভেম্বর প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনুযায়ী, কলকাতার বিভিন্ন অঞ্চলে রাতের দিকে বায়ুর গুণমানের দ্রুত অবনতি ঘটে। বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকটি তথ্য: সল্টলেকে PM2.5-ভিত্তিক দূষণ সূচক রাত ১১টার সময় ৩৩০-এ পৌঁছেছিল। বালিগঞ্জে একই সময়ে এই সূচক ছিল ৩২১। যাদবপুরে তা পৌঁছেছিল ৩২৬-এ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সংলগ্ন অঞ্চলে তা ২৬৫-এ পৌছেছিল। এই পরিসংখ্যানগুলি PM2.5-ভিত্তিক দূষণ সূচক, সামগ্রিক জাতীয় AQI-এর সঙ্গে এগুলিকে এক করে দেখা উচিত নয়।

অন্যদিকে, CPCB-র তথ্য অনুযায়ী, দীপাবলির পর কলকাতার গড় AQI ছিল ১৬৭। যাদবপুরে তা পৌঁছেছিল ২২১-এ, যা 'Poor' বা খারাপ বায়ুমানের পর্যায়ে পড়ে। বেনিয়াপুকুরে ছিল ১৯৫ এবং বিধাননগরে ১৭৭।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, দূষণ কেবল বাজি পোড়ানোর সময়েই সীমাবদ্ধ থাকেনি। রাতের পর রাত আতসবাজি পোড়ানোর ফলে দূষিত বাতাসের প্রভাব পরবর্তী দিনেও বজায় থেকেছে। ৯ নভেম্বর রাত থেকে ১০ নভেম্বর ভোর পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হয়। ১১ নভেম্বর প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ১০ নভেম্বর গভীর রাতে সল্টলেকে PM2.5 সূচক ৩৯২-এ পৌঁছেছিল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সংলগ্ন অঞ্চলে তা ৩৮৬-এ ওঠে। অর্থাৎ, দীপাবলির রাতের দূষণ পরবর্তী রাতেও অব্যাহত ছিল।

এই তথ্যগুলি কোনও বিচ্ছিন্ন ঘটনার ইঙ্গিত নয়। বরং শহরের বায়ুমণ্ডলে দূষণ জমা হওয়া এবং তার দীর্যস্থায়ী প্রভাবের আশঙ্কাকেই সামনে নিয়ে আসে। কলকাতা মহানগরকে বিচ্ছিন্ন কোনও ভৌগোলিক দ্বীপ হিসেবে দেখা যায় না। কলকাতা, হাওড়া, বিধাননগর, নিউ টাউন, বারাসত, মধ্যমগ্রাম, ব্যারাকপুর, দমদম, সল্টলেক, রাজারহাট, সোনারপুর এবং উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ জনবসতি একই বৃহত্তর নগর পরিবেশ ব্যবস্থার অংশ। বায়ুপ্রবাহের মাধ্যমে দূষণ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ফলে কলকাতার কোনও একটি অঞ্চলের দূষণ কেবল সেই এলাকার বাসিন্দাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। দীপাবলির পর বিভিন্ন সংবাদ প্রতিবেদনে কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি এবং সংলগ্ন এলাকাতেও বাজি পোড়ানোর অভিযোগ উঠে এসেছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনার মতো ঘনবসতিপূর্ণ জেলায় এই পরিস্থিতির গুরুত্ব আলাদা করে বিবেচনা করা প্রয়োজন। কারণ এই জেলার বহু অঞ্চল কলকাতা মহানগরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এখানে একদিকে রয়েছে ঘন জনবসতি, অন্যদিকে রয়েছে শিল্পাঞ্চল, পরিবহণের চাপ, নির্মাণকাজ এবং অন্যান্য দূষণের উৎস। দীপাবলির আতসবাজি এই বিদ্যমান দূষণের ওপর নতুন চাপ সৃষ্টি করে।

তবে একটি বিষয় স্পষ্ট করা জরুরি। কলকাতার বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যকে সরাসরি হাওড়া বা উত্তর ২৪ পরগনার প্রতিটি এলাকার পরিমাণ হিসেবে দেখানো যাবে না। ওই জেলাগুলির প্রকৃত পরিস্থিতি বোঝার জন্য পৃথক ও পর্যাপ্ত বায়ুমান পর্যবেক্ষণ প্রয়োজন।

আতসবাজি পোড়ানো মানে শুধু আলো ও শব্দ তৈরি হওয়া নয়। এর সঙ্গে যুক্ত রযেছে নানা ধরনের রাসায়নিক পদার্থের দহন এবং বাতাসে ক্ষতিকর দূষক ছড়িয়ে পড়া। আতসবাজি পোড়ানোর ফলে সাধারণত যে দূষণগুলি তৈরি হয়, তার মধ্যে উল্লেখযোগ্য: PM2.5 এবং PM10 (PM2.5 হল ২.৫ মাইক্রোমিটারের চেয়ে ছোট সূক্ষ কণিকা। PM10 হল ১০ মাইক্রোমিটারের চেয়ে ছোট কণিকা। PM2.5 বিশেষভাবে বিপজ্জনক, কারণ এগুলি শ্বাসনালির গভীরে প্রবেশ করে ফুসফুসের বায়ুথলিতে পৌঁছতে পারে। কিছু অতি সূক্ষ কণিকা রক্তপ্রবাহেও প্রবেশ করতে পারে।), সালফার ডাই-অক্সাইড (আতসবাজির রাসায়নিক উপাদান পোড়ানোর ফলে সালফার ডাই-অক্সাইড তৈরি হতে পারে। এটি শ্বাসযন্ত্রের সমস্যা বাড়াতে পারে এবং বায়ুমণ্ডলের অন্যান্য রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিতে পারে।), নাইট্রোজেন অক্সাইড (দহনের ফলে নাইট্রোজেন অক্সাইড তৈরি হয়। এগুলি শ্বাসযন্ত্রের স্মৃতি করতে পারে এবং বায়ুমণ্ডলে অন্যান্য দূষক তৈরিতে ভূমিকা রাখে।), ভারী ধাতু ও রাসায়নিক যৌগ (বিভিন্ন ধরনের আতসবাজিতে রং তৈরি করার জন্য বিভিন্ন ধাতব যৌগ ব্যবহার করা হয়। এর মধ্যে বেরিয়াম, স্টনশিয়াম, তামা, অ্যালুমিনিয়াম, অ্যান্টিমনি এবং অন্যান্য উপাদান থাকতে পারে। কিছু নিষিদ্ধ বা অননুমোদিত বাজিতে সীসা, পারদ ও আর্সেনিকের মতো বিপজ্জনক পদার্থ থাকার আশঙ্কাও রয়েছে। এই রাসায়নিক উপাদানগুলির দহন ও ছড়িয়ে পড়া মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।), কার্বন মনোক্সাইড ও অন্যান্য দহনজাত দূষক (অসম্পূর্ণ দহনের ফলে কার্বন মনোক্সাইড এবং বিভিন্ন জৈব রাসায়নিক যৌগ তৈরি হতে পারে। অর্থাৎ, আতসবাজির ধোঁয়া কোনও সাধারণ ধোঁয়া নয়। এটি বিভিন্ন ধরনের কণিকা, গ্যাস ও রাসায়নিক দূষকের মিশ্রণ।), জনস্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব (বায়ুদূষণের সবচেয়ে বড় শিকার সাধারণত তাঁরাই, যাঁদের দূষণ থেকে নিজেদের রক্ষা করার ক্ষমতা সবচেয়ে কম)।

শিশুদের ক্ষেত্রে:

শিশুদের ফুসফুস ও শ্বাসযন্ত্র এখনও বিকাশমান। দূষিত বাতাসে PM2.5-এর মাত্রা বেড়ে গেলে তাদের কাশি, শ্বাসকষ্ট, অ্যালার্জি এবং হাঁপানির সমস্যা বাড়তে পারে। দীর্ঘমেয়াদি দূষণের প্রভাব ফুসফুসের স্বাভাবিক বিকাশকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

বয়স্ক মানুষের ক্ষেত্রে:

বয়স্ক মানুষদের মধ্যে যাঁদের আগে থেকেই হৃদরোগ, ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট রয়েছে, তাঁদের ক্ষেত্রে দূষণের প্রভাব আরও গুরুতর হতে পারে।

অ্যাজমা ও COPD রোগীদের ক্ষেত্রে:

বাতাসে সূক্ষ্ম কণিকা ও রাসায়নিক গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শ্বাসনালিতে প্রদাহ তৈরি হতে পারে। হাঁপানির আক্রমণ এবং COPD-র উপসর্গ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

হৃদরোগীদের ক্ষেত্রে:

PM2.5-এর সংস্পর্শে শরীরে প্রদাহ এবং হৃদ্যন্ত্র ও রক্তনালির ওপর চাপ বাড়তে পারে। এর ফলে আগে থেকে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ঝুঁকি বেড়ে যেতে পারে।

এখানে আরও একটি বিষয় মনে রাখা জরুরি। দূষণের প্রভাব শুধু সেই কয়েক ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে না। দূষণের মাত্রা, সংস্পর্শের সময়কাল এবং ব্যক্তির শারীরিক অবস্থার ওপর নির্ভর করে এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।

vecteezy_a-city-skyline-with-buildings-in-the-background_69189012

প্রতীকী ছবি সূত্র - Roman Bulatov

শব্দদূষণ: মানুষের পাশাপাশি বিপন্ন অন্যান্য প্রাণ:

দীপাবলি ও কালীপুজোর সময় বায়ুদূষণের পাশাপাশি শব্দদূষণও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। ১০ নভেম্বর প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে আতসবাজি ও শব্দদূষণ সংক্রান্ত ৪৩৪টি অভিযোগ জমা পড়েছিল। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও ৮৪টি শব্দদূষণ সংক্রান্ত অভিযোগ পেয়েছিল। ট্যাংরা অঞ্চলে রাত ১০টার সময় শব্দের মাত্রা ৮৬.২ ডেসিবেলে পৌঁছেছিল। বালিগঞ্জের একটি নীরব এলাকায় তা ছিল ৮১.১ ডেসিবেল। যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতেও ৮০.৩ ডেসিবেল শব্দমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এই তথ্যগুলি আমাদের মনে করিয়ে দেয় যে শব্দদূষণও পরিবেশগত বিপর্যয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর প্রভাব বিশেষভাবে পড়ে নবজাতক ও শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের পাশাপাশি কুকুর, বিড়াল, পাখি এবং অন্যান্য প্রাণীর ওপর। পাখিদের স্বাভাবিক যোগাযোগ, খাদ্য সংগ্রহ, বিশ্রাম ও নিরাপদ আশ্রয় গ্রহণের প্রক্রিয়া উচ্চশব্দে ব্যাহত হতে পারে। শহরের কুকুর, বিড়াল এবং অন্যান্য প্রাণী আতসবাজির আকস্মিক শব্দে আতঙ্কিত হয়ে পড়ে। অনেক সময় তারা দিশেহারা হয়ে রাস্তায় ছুটে যায়, দুর্ঘটনার শিকার হয় কিংবা দীর্ঘ সময় আতঙ্কের মধ্যে থাকে। এটাও মনে রাখা জরুরী যে, পরিবেশের অধিকার শুধু মানুষের নয়। শব্দহীন রাত, নিরাপদ আশ্রয় এবং স্বাভাবিক জীবনযাপনের অধিকার অন্যান্য প্রাণীরও রয়েছে।

দীপাবলির সময় আতসবাজি পোড়ানোর ওপর বিধিনিষেধ নতুন কিছু নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ, পরিবেশ সংক্রান্ত আইন এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিধি অনুযায়ী আতসবাজির ব্যবহার নিয়ন্ত্রিত হওয়ার কথা।

২০২৬ সালে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত নির্দেশ অনুযায়ী, দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল অনুমোদিত সবুজ বাজি পোড়ানোর অনুমতি ছিল। হাসপাতাল, নার্সিংহোম, বৃদ্ধাশ্রম এবং অন্যান্য নীরব অঞ্চলের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছিল। এ ছাড়া ২১ অক্টোবর ২০২৬-এর সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্ট সময়সীমা এবং সংবেদনশীল প্রতিষ্ঠানের আশপাশে বাজি পোড়ানোর ওপর আরও বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছিল। কিন্তু বাস্তবে কী দেখা গেল?

'ডাউন টু আর্থ-এর ১০ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, পরিবেশকর্মীদের পর্যবেক্ষণে কলকাতার একাধিক হাসপাতালের কাছাকাছি এমনকি হাসপাতাল চত্বরেও বাজি পোড়ানোর ঘটনা উঠে এসেছে। বি.সি. রায় শিশু হাসপাতালের কাছে শব্দের মাত্রা ১৬.৪ ডেসিবেল পর্যন্ত পৌঁছেছিল বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রশ্ন হল, হাসপাতালের রোগীরা যদি নিজেদের চিকিৎসাস্থলেও দূষণ ও শব্দের হাত থেকে সুরক্ষা না পান, তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায়? শুধু নির্দেশিকা জারি করলেই পরিবেশ রক্ষা হয় না। তার কার্যকর প্রয়োগ, নজরদারি এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণও জরুরি।

আতসবাজির দূষণ কমানোর উদ্দেশ্যে গ্রিন ক্র্যাকার বা পরিবেশবান্ধব বাজির ধারণা সামনে আনা হয়েছে।

কিন্তু এখানে কয়েকটি মৌলিক প্রশ্ন রয়েছে। প্রথমত, গ্রিন ক্র্যাকার মানেই কি সম্পূর্ণ দূষণমুক্ত বাজি? না। অনুমোদিত গ্রিন ক্র্যাকারেও দূষণ নির্গমন হতে পারে। এগুলিকে তুলনামূলকভাবে কম দূষণকারী হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয়ত, বাজারে বিক্রি হওয়া বাজির প্রকৃত পরিচয় এবং অনুমোদন কীভাবে যাচাই করা হচ্ছে? তৃতীয়ত, নিষিদ্ধ বাজি উৎপাদন, মজুত ও বিক্রির বিরুদ্ধে কার্যকর নজরদারি কোথায়?

'ডাউন টু আর্থ-এর ১০ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে গ্রিন ক্র্যাকার অনুমোদন ও QR কোডের মাধ্যমে যাচাইয়ের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গের ২৫১ জন অনুমোদিত প্রস্তুতকারকের মধ্যে মাত্র ছয়জন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্যদের প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছিলেন বলে একটি বৈঠকে তথ্য উঠে আসে।

এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনুমোদিত উৎপাদন, পণ্যের পরিচয় এবং বাজারে বিক্রির নিয়ন্ত্রণ যথাযথ না হলে গ্রিন ক্র্যাকার সংক্রান্ত বিধিনিষেধের কার্যকারিতা নিয়েও প্রশ্ন থেকে গেছে। ফলে 'গ্রিন' শব্দের আড়ালে কোনওভাবেই দূষণ সৃষ্টিকারী পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করা উচিত নয়।

কেবল দূষণ নয়, শব্দ দূষণের প্রতিবাদ করতে গিয়েও অনেক সহ নাগরিক নানা ভাবে হেনস্থার শিকার হয়েছেন, কোথাও কোথাও মহিলারা প্রতিবাদ করতে গিয়ে ধর্ষণের হুমকিও পেয়েছে বলেও নানা খবর শোনা গেছে। আশ্চর্যের বিষয় হলো দেশের সংবিধানের বিধি মেনে শপথ নেওয়া মানুষরাও আতসবাজির পক্ষে অযৌক্তিক পক্ষ নিয়েছেন। যা কিনা ভীষণ দুর্ভাগ্যজনক।

ফলত প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন এবং একই সাথে হতাশা যেমন আছে ঠিক উল্টো দিকেও নাগরিক দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন আছে। পরিবেশ রক্ষার প্রশ্নকে কেবল প্রশাসনিক দায়িত্ব বলে পাশ কাটিয়ে যাওয়া যায় না। উৎসবের আনন্দ উদযাপনের সঙ্গে অন্যের স্বাস্থ্য ও পরিবেশের অধিকারকে সম্মান করার সামাজিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। ২০২৬ সালের দীপাবলি ও কালীপুজো পরবর্তী বায়ুদূষণ কেবল কয়েক দিনের পরিবেশগত সমস্যা নয়। এটি আমাদের নগর সভ্যতার পরিবেশবিরোধী জীবনযাপন, অপরিকল্পিত উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণে দুর্বলতা এবং প্রকৃতির প্রভি দায়িত্বহীনতার একটি প্রতিফলন।

ভারতের পরিবেশ ও শব্দদূষণ প্রতিরোধী আইনের ইতিহাসে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের ১৯৯৬ সালের রায়টি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। কালীপুজো বা দিওয়ালির সময় শব্দবাজির তাণ্ডব রুখতে এই রায়টি কেবল পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশে শব্দদূষণ নিয়ন্ত্রণের আইনি ভিত্তি তৈরি করে দিয়েছিল। বিচারপতি বন্দ্যোপাধ্যায় যে রায় দেন, তাতে তিনি স্পষ্ট জানান যে, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের 'জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার' (Right to Life and Personal Liberty) রয়েছে। এই অধিকারের মধ্যেই মানুষের নীরবতা ও শান্তির অধিকার এবং অবাঞ্ছিত শব্দ 'না শোনার অধিকার' Right not to listen রয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন যে, কাউকে 'বন্দি শ্রোতা' Captive Listeners বানানো যাবে না।

উৎসবের নামে প্রকৃতির ওপর এই আঘাত বন্ধ হওয়া প্রয়োজন। আমরা এমন এক পৃথিবী চাই, যেখানে মানুষের আনন্দের জন্য অন্য কোনও প্রাণকে যন্ত্রণা ভোগ করতে হবে না। যেখানে শিশুরা আতসবাজির ধোঁয়া নয়, নির্মল বাতাসে বড় হবে। যেখানে রাতের আকাশে বারুদের ধোঁয়া নয়, পাখিদের নিরাপদ উড়ান থাকবে। যেখানে উৎসব প্রকৃতির সঙ্গে সহাবস্থানের শর্ত মেনে চলবে। কারণ পৃথিবী কারও একার সম্পত্তি নয়। পৃথিবী সমস্ত প্রাণের।

প্রতিবেদনের তথ্যসূত্র:

এই প্রতিবেদনের সাম্প্রতিক তথ্যের জন্য ৯-১১ নভেম্বর ২০২৬-এ প্রকাশিত সংবাদ প্রতিবেদন এবং প্রশাসনিক বিধিনিষেধ সংক্রান্ত তথ্য ব্যবহার করা হয়েছে।

  1. [Down To Earth severe Firecrackers flout Supreme Court restrictions as Kolkata records pollution on Diwali night](https://www.downtoearth.org.in/air/firecrackers-flout-supreme-court-restrictions-as-kolk ata-records-severe-pollution-on-diwali-night?utm_source=chatgpt.com)- ১০ নভেম্বর ২০২৬।

  2. [The Times of India Kolkata's ambient air quality deteriorated sharply on Kali Puja-Diwali Sunday

night(https://timesofindia.indiatimes.com/city/kolkata/kolkatas-ambient-air-quality-deteriorate d-sharply-on-kali-puja-diwali-sunday-night-as-rampant-bursting-of-firecrackers-pushed-fine-p articulate-pollution-to-hazardous-levels-across-the-city-from-9-pm-/amp articleshow/135664 764.cms?utm_source=chatgpt.com) - ৯ নভেম্বর ২০২৬।

  1. [The Indian Express Kolkata air worsens as firecracker ban violated till 2 am on Diwali night](https://indianexpress.com/article/cities/kolkata/kolkata-aqi-worsens-kali-puja-diwali-fire cracker-ban-violations-arrests-10956527/?utm_source=chatgpt.com) - ৯ নভেম্বর ২০২৬।

  2. [The Times of India AQI very poor at 7 stations before rain clears poison)(https://timesofindia.indiatimes.com/city/kolkata/aqi-very-poor-at-7-stations-before-rai n-clears-poison/amp_articleshow/135718831.cms?utm_source=chatgpt.com) ২০২৬। ১১ নভেম্বর

  3. [The Times of India Kolkata Kali Puja-Diwali noise violations spark 434 police complaints](ht

আলোচনা 0 মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

সবার আগে আলোচনায় যোগ দিন।

আমাদের লক্ষ্য

আমরা নিজেদেরকে “প্রতিরোধের গণমাধ্যম” হিসেবে দেখি।

জীবের বহুসংকটকে, জীবের বহুদুঃখকে আমরা মধ্যমপ্রতিপদের অবস্থান থেকে বোঝার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, এবং বৃহত্তর বাস্তুতান্ত্রিক সংহতি আন্দোলন ও বাস্তুতান্ত্রিক সংহতি জোটের সাথে হাত মিলিয়ে তাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ করুন

ইমেল: thedegrowthofficial.com