ভিড়ের মধ্যে কারা
এ রাজ্যে হকার উচ্ছেদের সময় আমরা দেখেছি, সারাদিন খাটুনির পরও আতঙ্কে রাতে পাহারা দিয়ে নিজেদের দোকানগুলিকে আগলে রাখার শেষ চেষ্টা করেছিলেন রেল ষ্টেশনের, ফুটপাথের হকাররা। কিংবা দোকানে ঘুমিয়ে ছিলেন, তাকে তুলে মধ্যরাতে গুঁড়িয়ে ফেলা হয়েছে তার দোকান এরকমও বহু নজির রয়েছে।

দক্ষিণেশ্বরের ফুটপাথে ঘুমিয়ে ছিলেন পথবাসীরা, কামারহাটি পুরসভার জলের ট্যাঙ্ক থেকে হোস-পাইপ দিয়ে জল ছিটিয়ে উচ্ছেদ করা হয় তাদের।
আজ, SRFTI এর ক্যাম্পাসে ভোরবেলায় পড়ুয়াদের ঘুমন্ত অবস্থায় হাতুড়ি চালিয়ে, টেনে-হিঁচড়ে ন্যায় বিচারের মঞ্চ ভাঙা হয়। পড়ুয়াদের থেকেই জানা যায়, এর আগে তারা প্রশাসনের দিক থেকে, বহিরাগতদের দিক থেকে এমন কিছু আভাস ইঙ্গিত পেয়েছিলেন, যার জন্য তারা ঝড়-জল-বৃষ্টিতেও রাত জেগে মঞ্চ আগলে রেখেছিলেন। কিন্তু এইবার তেমন কোনো প্রশাসনিক নোটিশ, ইঙ্গিত তারা পায়নি।
এইভাবেই একে একে আশ্রয়হীনদের ভিড় বাড়ছে।
ঘটনা প্রবাহ
এই ঘটনার সূত্রপাত গত ২৭ সেপ্টেম্বর। সেদিন SRFTI-এর ক্যাম্পাসে আরএসএস-ঘনিষ্ঠ সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উপর বহিরাগতরা হামলা চালায়। পরবর্তীতে ৪ অক্টোবর পড়ুয়াদের উপর ফের আক্রমণ নামে। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা, হামলার ন্যায় বিচার এবং উপাচার্য সন্তোষ আজমেরার পদত্যাগের দাবিতে অবস্থান ধরনা মঞ্চ চলছিল। ৬২ তম দিনে আবারও একই অমানবিক অন্যায় ঘটনার মুখোমুখি হল শিক্ষার্থীরা।

আজ, ২৮ নভেম্বর, শনিবার সকাল থেকেই প্রশাসনের তরফ থেকে উত্তপ্ত করে তোলা হয় কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা SRFTI-এর ক্যাম্পাস। সকাল ৬টা নাগাদ কয়েকশো পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের অভিযোগ এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যায় পুলিশের সঙ্গে একদল মুখ ঢাকা এবং ক্যাজুয়াল পোশাক পরা বহিরাগত। তারাই মূলত প্রশাসনিক ভবনের সামনে থাকা ধরনা মঞ্চ ভাঙে। এখন প্রশ্ন পুলিশের সঙ্গে এরা কারা? এদের বাধা দিতে গেলে পুলিশের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উপর বলপ্রয়োগ করা হয়। পড়ুয়াদের অভিযোগ, টেনে-হিঁচড়ে মারধর করে তাদের কে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় কয়েক জন পড়ুয়া জখম হয়েছেন।
হকার উচ্ছেদের সময় আমরা দেখেছিলাম ভাঙচুরের পর ধ্বংসস্তূপ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কোথাও রেল লাইনে মালগাড়ি আনা হয়েছে, কোথাও ময়লা ফেলার গাড়ি, কোথাও ম্যাটাডর। তারপর সেই ময়লা ফেলার গাড়ি এলো বুকস্টল ভাঙার পর ধ্বংসস্তূপ নিয়ে যাবে বলে। তারপর আজ সেই ম্যাটাডর এলো SRFTI এর ক্যম্পাসে, বোঝাই করে নিয়ে গেল ভাঙা মঞ্চের ধ্বংসস্তূপ, ন্যায় বিচারের দাবি লেখা ব্যানার, প্ল্যাকার্ড। পড়ুয়াদের অভিযোগ মঞ্চে থাকা তাদের ব্যাক্তিগত ব্যবহারের সামগ্রীও নিয়ে যাওয়া হয়েছে।
অক্টোবরের মাঝামাঝি সময়ে ছয়জন ছাত্রছাত্রীকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়। হোস্টেলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। মাঝে কয়েকদিন পানিয় জলের সরবরাহ বন্ধ করা হয়। যেমনটি কয়েক মাস ধরে জ্যোতিনগরে বন্ধ। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে পঠনপাঠন। কোর্ট থেকে ধরনা মঞ্চ সরিয়ে ফেলার আইনি অনুমোদনও হাসিল করেছে SRFTI কর্তৃপক্ষ। এবং এই কাজে বাধা দিলে তা প্রতিহত করার আইনি ঢালও ‘মহামান্য’ বিচারালয় থেকে অনুমোদিত। অর্থাৎ চখ বাধা আইনের চোখে আজকের প্রশাসনের ভূমিকা আইনি, পড়ুয়াদের ন্যায় বিচারের আন্দোলন বেআইনি অর্থাৎ স্বৈরাচারের যতরকম হাতিয়ার আছে তার ব্যবহার ষোলা কলা সম্পন্ন হলো।
বিস্মৃতির বিরুদ্ধে প্রশ্ন
এই বহু সঙ্কটের সময়ে বিস্মৃতি জাঁকিয়ে বসে, ভবিষতে আজকের প্রশ্নগুলি আমরা ভুলে যাই। যেমন ভুলে যাই আজকের শাসক আগামীর বিরোধী হয়ে গেলে। তাই কিছু প্রশ্ন মনে রাখবার জন্য…
কোন জায়গা থেকে মানুষ ফুটপাথে খড়কুটো জড়ো করার মতো ফাটা-ছেঁড়া প্লাস্টিক দিয়ে ঘর বাধে? কোন চাহিদা থেকে একজন মানুষ ফুটপাথে, রেল ষ্টেশনে হকারি করে? কোন পরিস্থিতিতে একজন পড়ুয়া ঝড়-জল মাথায় করে মাসের পর মাস ধরনা মঞ্চে বসে থাকে?
ঠিক কোন ব্যবস্থা থেকে এমন পুলিশ তৈরি হয় যারা তার দেশের শ্রমিক, কৃষক, পড়ুয়ার প্রতি হিংস্র হয়ে ওঠে? অথচ এই পুলিশদের মধ্যেই কেউ কেউ তরুণকালে ভেবেছিল দেশের সেবা করবে। এ কোন শিক্ষা ব্যবস্থা যেখানে থেকে তৈরি হয় হিংস্র হওয়ার আদেশ দেওয়া আমলারা? এবং এ কেমন বিচারালয় যেখানে থেকে ‘গুঁড়িয়ে দেওয়া’ বৈধ ও ‘ন্যায় বিচারের দাবি’ অবৈধ এর মতো শিলমোহর পরে?
ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা...
নিপীড়িতরা যতই হাতে সংবিধান উঁচিয়ে মিছিলে নামুক তবু সংকোচহীন ভাষায় বলতেই হয়, এই সংবিধান আগ্নেয়াস্ত্রের মতো কার হাতে আছে বা বলা ভালো কার ক্ষমতার মুঠোয় আছে একমাত্র তারই অনুগত এই সংবিধান, তারই রক্ষাকর্তা এই সংবিধান। এবং এই সংবিধান এতটাই প্রাণহীন যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আশ্রয়হীন মানুষের ভিড় ক্রমাগত বাড়ছে…
যন্তর-মন্তরের আন্দোলনের সময় একজন মহিলা আন্দোলনকারী সাক্ষাৎকার দেওয়ার সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন যে, “আমি শুধু পুলিশদের দেখছি, UPSC এর প্রস্তুতি নিচ্ছিলাম, এখন আর এই প্রস্তুতি নেওয়ার ইচ্ছে নেই। পুলিশ এরকম হয়? পুলিশ-আর্মি আমাদের জন্য কাজ করে? নাকি! কাদের জন্য কাজ করে? এখনও আমি এদের সঙ্গে কাজ করছি না, তাতেই ওদেরকে দেখেই আমার দমবন্ধ লাগছে, আমি পরীক্ষা দিয়ে যদি পাশ করে যাই, ওদের সঙ্গে কাজ করবো কীভাবে? নীতি, নৈতিকতা বেঁচে বসে আছে ওরা…”

মেয়েটির এই বক্তব্য, এই ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার স্পর্ধা এতদিন ধরে চলে আসা নেতা-মন্ত্রীর বুদ্ধিদাতা, আজ্ঞাবাহক আমলাতন্ত্রের চক্রবুহ্য কে ভেঙে ফেলতে সক্ষম। সংবিধান নামক আগ্নেয়াস্ত্র কে ভেঙে ফেলতে সক্ষম। এই মেয়েটির মতো এদেশের সকল তরুণ যদি মুখ ফিরিয়ে নেয় এবং বলে ওঠে আমি আর তোমাদের এই খেলায় খেলতে আসার প্রস্তুতি নেব না…
আশা করা যায়, খুবই স্বাভাবিক নিয়ময়েই আজকের পুলিশের, আমলার, শাসকের, গণতন্ত্রের স্বরূপ আগামী কয়েক দশক ধরে SRFTI এর পড়ুয়াদের শিল্পকর্মে ফুটে উঠবে। গণ মানুষের স্মৃতি জেগে থাকবে।




Be the first to join the discussion.