মিনোয়ীয়, মাইসিনীয় এবং সমসাময়িক গ্রিস আর জলের ঋণ শোধ
মতামত/বিশ্লেষণ

মিনোয়ীয়, মাইসিনীয় এবং সমসাময়িক গ্রিস আর জলের ঋণ শোধ

এই নিবন্ধটি ক্রিট দ্বীপে জল সংকট নিয়ে আলোচনা করে। যদিও দ্বীপের বাঁধগুলি ভরে উঠেছে, ভূগর্ভস্থ জলস্তর নেমে যাচ্ছে এবং খরা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। কৃষিকাজ, পর্যটন এবং অপরিকল্পিত জল ব্যবহার এই সংকটের প্রধান কারণ। নিবন্ধটি জল ব্যবস্থাপনার জন্য সরবরাহ বৃদ্ধি না করে চাহিদা কমানোর উপর জোর দেয় এবং ঐতিহাসিক উদাহরণ টেনে দেখায় যে সীমিত সম্পদ ব্যবহার করে টেকসই জীবনযাপন সম্ভব।

আলোচনা 0 মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

সবার আগে আলোচনায় যোগ দিন।

▣মতামত/বিশ্লেষণ

মিনোয়ীয়, মাইসিনীয় এবং সমসাময়িক গ্রিস আর জলের ঋণ শোধ

বৃষ্টিভেজা এক হেমন্ত পেরিয়ে ক্রিটের বাঁধগুলি আবার কানায় কানায় ভরে উঠছে। কিন্তু সেই টলটলে জলের আড়ালে দ্বীপের জলবাহী স্তর, অলিভের বাগান আর পাহাড়ি গ্রামগুলো শোনায় অন্য এক গল্প, যা কিনা আরও গভীর উদ্বেগের।

Monochrome Dramatic Self-Improvement YouTube Thumbnail (13)

আর্কাদি মঠ এর কাছেই, এক পাহাড়ি ঢালে তারের বেড়ার ওপারে একটি ছোট খামার-জলাধার রয়েছে। তার কালো প্লাস্টিকের আস্তরণ পাড় থেকে লম্বা লম্বা ফালি হয়ে ছিঁড়ে নেমেছে, ছেঁড়া টুকরোগুলি দলা পাকিয়ে পড়ে আছে ন্যাড়া মাটির বুকে, আর অগভীর জলের কিনারা আঁকড়ে আছে সবুজ শ্যাওলা। ক্রিটের গ্রামাঞ্চল জুড়ে এমন জলাধার ছড়িয়ে আছে অনেক। এই জলাধারটির সামনে দাঁড়িয়ে আমাদের মনে হল, জল সামলানোর গোটা একটি রীতি যেন চোখের সামনে খোলা পড়ে আছে। সে রীতি কেবল আরও জমাতেই জানে। জানেনা কেবল প্রয়োজনটাকে ছোট করা যায় কি না। টাকা খরচ হয়ে গেছে। আর যা গড়া হয়েছিল তা রোদে-জলে, তিলে তিলে জীর্ণ হতে হতে পড়ে রয়েছে অবহেলায়।

WhatsApp Image 2026-11-22 at 4.42.02 PM (2)

ছবি - কিংশুক রায়

ভরা বাঁধ, শুকনো মাটি

রেথিমনো শহরের তৃষ্ণা নিবারণ করে আমারি উপত্যকার পোতামন বাঁধ। ২০২৬-এর অক্টোবরে ২ কোটি ২৫ লক্ষ ঘনমিটার জলে ভরে সেই বাঁধ উপচে পড়েছিল। অন্যদিকে দ্বীপের রাজধানী হেরাক্লিয়ন আর উত্তর উপকূল বাঁচে আপোসেলেমিস জলাধারের ভরসায়। সেখানেও জল উঠে গেল ধারণক্ষমতার ৮৫ শতাংশ ছাড়িয়ে।

তবু ভরা জলাধার এক মুহূর্তের ছবি মাত্র। এ স্বস্তি জলের ওপরেই ভাসে, গভীরে পৌঁছয় না। ফেব্রুয়ারিতেই ক্রিটের জল দপ্তর সতর্ক করে দিয়েছিল যে এই দ্বীপ অঞ্চল টানা চতুর্থ বছরের জন্য খরার মুখোমুখি হতে চলেছে। আর তার জলবাহী স্তরের জল ক্রমাগত নেমে চলেছে। পোতামন যে তখনও ভরা দেখাচ্ছিল, তার একটিই কারণ রয়েছে যা হল কর্তৃপক্ষ চাষি আর শহরগুলির জল তোলায় কড়া রাশ টেনেছিল। মেসারা সমভূমির অন্দরে, মিরেসের আশপাশে, ২০১৪ সাল থেকে ভূগর্ভস্থ জল নেমে গেছে ২৫ মিটারেরও বেশি। অথচ দ্বীপের মোট জলের মোটামুটি ৭৫ থেকে ৮০ শতাংশ আজও যায় চাষের খেতে। একটি বর্ষণমুখর মাস জলাধারকে ভরিয়ে দিতে পারে, কিন্তু দশকের পর দশক পাম্পের টানে নিঃস্ব জলবাহী স্তরকে সে আগের অবস্থায় ফেরাতে পারে না।

অলিভ গাছের দীর্ঘশ্বাস

এই খরা পরিস্থিতির প্রথম মাশুল গুনেছিল অলিভ চাষিরা। তাঁদের হিসেবের খাতায় স্পষ্ট ফাঁকা রয়েছে একটি শুকনো মরসুমের ক্ষতি কেমন করে ধাপে ধাপে গড়িয়ে নামতে থাকে। ২০২৫–২৬ মরসুমে খরা, তাপ আর অলিভ মাছির দাপটে ক্রিটের অলিভ তেলের উৎপাদন কমে যায় প্রায় পাঁচ ভাগের দুই ভাগ। হেরাক্লিয়নের কাছে ক্রুসোনাসের একটি সমবায়ের উৎপাদন প্রায় ৪৯০ টন থেকে নেমে গেছিল ১১০ টনে। আমরা দেখলাম যে ফসল উৎপাদন কমলো, অথচ তার দাম কিন্তু চড়ল না। চাষিরা তেল বেচলেন কিলোপ্রতি মোটামুটি ৪.৫–৫.৪ ইউরোয়, আগের বছরের চেয়ে যা কিনা প্রায় ৩০ শতাংশ কম।

image

সূত্র: অলিভ অয়েল টাইমস, ইউক্রঅ্যাগ্রোকনসাল্ট-এ পুনঃপ্রকাশিত (২৬ মে ২০২৬)। তথ্য: ক্রিটের অলিভ তেল উৎপাদন, ২০২৪–২৫ ও ২০২৫–২৬ মরসুম; ২০২৫–২৬-এর পরিসংখ্যান আনুমানিক।

এবার মাটির নিচের দিকে তাকানো যাক, যেখানে গভীর ক্ষত জমে ওঠে নীরবে। সাধারণত বৃষ্টি মুখ ফিরিয়ে নিলে ক্রিটের চাষিরা মাটি খুঁড়ে নলকূপ বসাতে শুরু করেন। গ্রিসের আইনে মাটির নিচের জল ওপরের জমির মালিকেরই সম্পত্তি, আর দেশের প্রায় অর্ধেক চাষজমি এই জলেরই ভরসায় বেঁচে আছে। তাই প্রতিটি নতুন নলকূপ সকলের সমস্যার জবাব খোঁজে নিজের উঠোনটুকুতেই। একটি নলকূপে জল তুললে আশপাশের সব নলকূপের জলস্তর নেমে যায়, আর ক্ষতিটা চুপিসারে গড়িয়ে চলে খেত থেকে খেতে।

WhatsApp Image 2026-11-22 at 4.42.02 PM

ছবি - কিংশুক রায়

উপকূলে সুইমিং পুল, আর পাহাড়ে শুকনো জলের নল

চাষের তুলনায় পর্যটন জল খরচ করে অনেক কম। কিন্তু সেই জল তার চাই ঠিক তখন, যখন মাটি সবচেয়ে তৃষ্ণার্ত আর উপকূলের সবচেয়ে ভিড়ে ঠাসা অঞ্চলগুলোতে। ক্রিটের হোটেলগুলি খতিয়ে দেখে গবেষকরা হিসেব কষেছেন, এক-একজন পর্যটকের আগমনে সরাসরি খরচ হয় প্রায় ২.৭১ ঘনমিটার জল। ২০২৪-এর গ্রীষ্মে খানিয়ার কোকিনো খোরিও গ্রামের মানুষ ২৬ দিন পর্যন্ত কলে জলের দেখা পাননি। অথচ সেই সময়েই অদূরে মাথা তুলছিল একের পর এক ভিলা যার, প্রতিটির কোলে রয়েছে দুষ্প্রাপ্য জলে ভরা নিজস্ব সুইমিং পুল।

২০২৫-এর শেষ বা ২০২৬-এর গোড়ায় আগিওস নিকোলাওসের জল সংস্থা প্লাকায় এক পাঁচতারা হোটেলের নির্মাতাদের সাফ জানিয়ে দেয় যে তারা আর পারবে না। সর্বোচ্চ চাহিদার সময়ে প্রকল্পটির দিনে লাগবে ২৩৬ ঘনমিটার জল, আর সে জল জোগানোর সাধ্য তাদের নেই। এই "না"-টুকু আমাদের থমকে দিয়েছিল কারণ এমন কথা কালেভদ্রে শোনা যায়। জলের টান পড়লে চেনা জবাব সাধারণত একটিই: আরও একটি নলকূপ, আরও একটি ট্যাংকার, কিংবা আরও একটি নির্লবণীকরণ কেন্দ্র।

গ্রিস: জলের পাইপ লাইন বাড়ে, কিন্তু তেষ্টা মেটে না

গোটা গ্রিস জুড়ে এই ছবিই ফিরে ফিরে আসে, আরও বড় এক প্রেক্ষাপটে। ২৫ বছর আগের তুলনায় গ্রিসের মানুষ আজ বছরে দ্বিগুণেরও বেশি জল খরচ করেন। ২০০০ সালে যা ছিল প্রায় ৮০ কোটি ঘনমিটার, আজ তা ছুঁয়েছে প্রায় ১৮০ কোটি। এথেন্সের জলাধারগুলি গত বছরের চেয়ে ৪৭ শতাংশ বেশি ভরা, তবু ২০২৩-এর তুলনায় এখনও তার অনেকটাই ফাঁকা। আর দেশের সরবরাহ-ব্যবস্থার ফুটোফাটা দিয়ে গলে যায় পানীয় জলের প্রায় ৪০ শতাংশ, আর সেচের জলের প্রায় ৬০ শতাংশ।

image

সূত্র: এইদাপ (এথেন্স জল সরবরাহ ও নিকাশি সংস্থা)-এর তথ্য, প্রোতোথেমা-য় প্রকাশিত (২৪ অক্টোবর ২০২৬)। তথ্য: প্রতি বছর ২১ অক্টোবরের জলভাণ্ডার, ২০২৩–২০২৬।

এর জবাবে গ্রিস সরকার ২৫০ কোটি ইউরোর এক জাতীয় জল-পরিকল্পনা এনেছে, যার প্রায় পুরোটাই জোগান বাড়ানোর পুরনো গতে বাঁধা। এই পরিকল্পনায় যেমন আছে অ্যাটিকার জন্য ইউরিটাস প্রকল্পের মতো নতুন জল-স্থানান্তর, তেমনই আছে নির্লবণীকরণ কেন্দ্রও। এর কিছুটা যে দরকার, তা নিয়ে কিছু মাত্র সংশয় নেই। কিন্তু আমাদের মতে, যে পরিকল্পনা সাফল্য মাপে বাড়তি ঘনমিটারের হিসেবে, তা চাহিদাকে প্রকৃতির অমোঘ নিয়ম বলে ধরে নেয়। অথচ চাহিদা আসলে চরিত্রগতভাবেই এক রাজনৈতিক বাছাই।

এক হারিয়ে যাওয়া স্মৃতি

গ্রিস এই কিনারায় আগেও এসে দাঁড়িয়েছিল। খ্রিস্টপূর্ব ১২০০ সাল নাগাদ মাইসিনীয় প্রাসাদ-রাষ্ট্রগুলি ভেঙে পড়ে। তাদের সঙ্গে তলিয়ে যায় শেষ ব্রোঞ্জ যুগের পূর্ব ভূমধ্যসাগরীয় জগতের অনেকখানি, আর কয়েক শতাব্দীর জন্য গ্রিসের মাটি থেকে মুছে যায় লেখার চলটুকুও। নাভারিনো এনভায়রনমেন্টাল অবজারভেটরির গবেষকরা পরাগরেণু আর পলির স্তর ঘেঁটে দেখেছেন যে মাইসিনীয়দের রাজনীতি ও অর্থনীতির ভিত প্রায় ৩,২০০ বছর আগের এক খরার প্রকোপে পড়েই শেষ হয়ে যায়। ২০২৬-এর নভেম্বরে প্রকাশিত হয়েছে স্টকহোম বিশ্ববিদ্যালয়ের আর এক গবেষণা। তাতে খ্রিস্টপূর্ব মোটামুটি ১৪০০ থেকে ৯০০ সালের দীর্ঘ শুকনো পর্বের সঙ্গে যোগ মিলেছে আটলান্টিকের দুর্বল হয়ে আসা সমুদ্রস্রোতের।

ক্রিটের কোনও কোনও প্রত্নতাত্ত্বিকের মতে, মিনোয়ীয় সমাজ থেরার অগ্ন্যুৎপাতের এক আঘাতে শেষ হয়নি। সে নিভে এসেছিল ধীরে ধীরে, প্রদীপের শিখার মতো। কোনও ক্ষেত্রেই জলবায়ু একা দায়ী নয়। প্রাসাদকেন্দ্রিক অর্থনীতিগুলি ছিল কেন্দ্রীভূত, খোপে খোপে ভাগ করা, আর দূরদেশের বাণিজ্যের সুতোয় বাঁধা। এমন ঘন বুনটে একটি সুতোয় টান পড়লে তা অচিরেই ছড়িয়ে পড়ত গোটা জালে। যখন অনমনীয় ব্যবস্থাগুলি শুকিয়ে আসা পৃথিবীর সঙ্গে আর তাল মেলাতে পারছিল না তখনই তাদের পতন ঘটে।

জল-দেউলিয়াপনার কবলে পৃথিবী

ক্রিট আজ আর কোন ব্যতিক্রম নয়। ২০২৬-এর জানুয়ারিতে রাষ্ট্রপুঞ্জ বিশ্ববিদ্যালয়ের জল-গবেষণা প্রতিষ্ঠান ঘোষণা করেছে যে পৃথিবী আজ পা রেখেছে "বিশ্বজোড়া এক জল-দেউলিয়াপনারর" যুগে। এ এমন এক কাল, যখন প্রকৃতি যতটা জল নতুন করে ফিরিয়ে দেয়, সমাজ তার চেয়ে বেশি তুলে নেয়, বা দূষিত করে করে। যে ক্ষতি তাতে হয়, তা আর শোধরানো যায় না। তাদের প্রতিবেদন বলছে যে বিশ্বের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ, অর্থাৎ প্রায় ৬১০ কোটি, আজ এমন সব দেশে বাস করেন যেখানে জলের জোগান অনিশ্চিত, নয়তো চরম অনিশ্চিত।

আমাদের মনে হয়, "দেউলিয়া" শব্দটা ভেবেচিন্তেই বাছা হয়েছে। সংকট একদিন কেটে যায়, কিন্তু দেউলিয়া হওয়ার অর্থ সঞ্চয়ের ভাঁড়ারটাই শূন্য হয়ে যাওয়া। জলবাহী স্তর, হিমবাহ আর জলাভূমি বহুকাল ধরে ছিল এই গ্রহের সঞ্চিত ধন। আজকের ভোগের দাম মেটাতে গিয়ে মানুষ ক্রমাগতই সেই সঞ্চয় ভেঙে চলেছে, আর ঋণের বোঝাটা রেখে যাচ্ছে পরের প্রজন্মের কাঁধে।

স্বেচ্ছায় টানা সীমা

জোগানের পরিকল্পনা যেখানে থমকে দাঁড়ায়, ডিগ্রোথের যাত্রা শুরু ঠিক সেখান থেকে। তার হাতে থাকে একটি সহজ প্রশ্ন যে জলটা কীসের জন্য? এথেন্সের জল-ব্যবস্থাপনা নিয়েই ডক্টরেট করেছেন গ্রিক বাস্তুতান্ত্রিক অর্থনীতিবিদ ইয়োর্গোস কালিস যিনি দু'রকম সীমাকে আমাদের সামনে উপস্থাপিত করেছেন। একটি হল প্রকৃতির চাপিয়ে দেওয়া অভাব। অন্যটি সমষ্টিগত আত্মসংযম, বা আক্ষরিক এক সীমা রেখা, যা কোনও সমাজ নিজেই বেছে নেয় তার মানুষের ভালোভাবে বাঁচার জন্য। দার্শনিক কর্নেলিয়াস কাস্তোরিয়াদিসের সূত্র ধরে কালিস এই বেছে-নেওয়া সীমাকে ত্যাগ বলে দেখেন না, দেখেন স্বাধীনতারই এক রূপ হিসেবে।

এবার স্পষ্ট করে দেখা যাক, ক্রিটে এমন সীমা মানলে বাস্তবে কী বদলাত। দ্বীপের কর্তৃপক্ষ নতুন বাঁধের কথা ভাবার আগে সরবরাহ-ব্যবস্থার ফুটো সারাত, আর হোটেলের শয্যা ও ব্যক্তিগত সুইমিং পুলকে বেঁধে রাখত জলবাহী স্তরের সহ্যসীমার মধ্যে। খেতের ছবিও বদলাত: জলখেকো রপ্তানি-ফসলের জায়গা নিত বৃষ্টিনির্ভর অলিভ, আঙুর আর ডালশস্য। কর্তৃপক্ষ প্রতিটি নলকূপ নথিভুক্ত করে তাতে মিটার বসাত, ভূগর্ভস্থ জলকে ব্যক্তিগত সম্পত্তি না ভেবে সামলাত সর্বজনের সম্পদ হিসেবে। আর টানাটানির দিনে রিসর্টের আগে জল পেত গ্রাম।

image

সূত্র: তো ভিমা (২৫ জুলাই ২০২৫), জাতীয় জল ব্যবস্থাপনা পরিকল্পনা প্রসঙ্গে। তথ্য: সরবরাহ-ব্যবস্থায় জলক্ষয়ের জাতীয় হিসেব, ২০২৫; আনুমানিক।

ব্রোঞ্জ যুগের একটি ব্যাখ্যা বলে, প্রাসাদগুলি ভেঙে পড়েছিল, কারণ ধীরে, গুছিয়ে নিজেদের গুটিয়ে আনার কৌশল তাদের জানা ছিল না। আর যে সমাজ কম ব্যবহারের সিদ্ধান্ত নিতে জানে, ধাক্কা সামলে সে সম্ভবত বেশি দিন টিকবে, অন্তত সেই সমাজের চেয়ে, যে কেবল আরও বেশির পেছনে ছুটতেই জানে। আর্কাদির কাছে রোদে-জলে পড়ে থাকা সেই ছেঁড়া আস্তরণ আমাদের সামনে রেখে যায় একটিই প্রশ্ন: ভালোভাবে বাঁচতে ক্রিটের কতটা জল দরকার, আর সে কথা ঠিক করবে কে?

সূত্র

• তো ভিমা, ৫ নভেম্বর ২০২৬: ভারী বৃষ্টির পর ক্রিটের জলাধারে জল ফিরল

• গ্রিক সিটি টাইমস, ৬ নভেম্বর ২০২৬: ক্রিটের জলাধার আবার ভরতি

• আরগোফিলিয়া, ৫ ফেব্রুয়ারি ২০২৬: টানা চতুর্থ খরার বছরের মুখে ক্রিট

• তো ভিমা: গ্রিসে জলসংকট আরও গভীর

• তো ভিমা, ২৫ জুলাই ২০২৫: জলসংকটের সমাধান মাঠেই

• ইউক্রঅ্যাগ্রোকনসাল্ট (অলিভ অয়েল টাইমস থেকে), ২৬ মে ২০২৬: গ্রিসের অলিভ তেল শিল্পে কম দাম আর দুর্বল ফসল

• আরগোফিলিয়া, ২১ ফেব্রুয়ারি ২০২৬: কঠিন বছরে ক্রিটের অলিভ তেলের উদ্যোগ

• ক্রিট দ্বীপে জল, শক্তি ও পর্যটনের সংযোগ (গবেষণাপত্র)

• ফর দ্য লাভ অফ ক্রিট: কোকিনো খোরিওতে জলহীন দিন

• আরগোফিলিয়া: প্লাকার হোটেলকে জল দিতে অস্বীকার

• প্রোতোথেমা, ২৪ অক্টোবর ২০২৬: ৪৭% বেশি জল নিয়ে শীতে ঢুকছে এথেন্স

• স্মার্ট ওয়াটার ম্যাগাজিন: গ্রিসের ২৫০ কোটি ইউরোর অঙ্গীকার

• নিওস কোসমোস: কীসে শেষ হল মাইসিনীয় যুগ

• গ্রিক রিপোর্টার, ১৪ নভেম্বর ২০২৬: খরা আর মাইসিনীয় পতন

• হাকাই ম্যাগাজিন: জলবায়ু বদলই কি শেষ ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলোকে ভেঙে দিয়েছিল?

• ইউএনইউ-ইইনওয়ে, ২০ জানুয়ারি ২০২৬: বিশ্বজোড়া জল-দেউলিয়াপনার যুগে পৃথিবী

• ব্লুমবার্গ ল: জল-দেউলিয়াপনার যুগ শুরু

• উইকিপিডিয়া: ইয়োর্গোস কালিস

আলোচনা 0 মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

সবার আগে আলোচনায় যোগ দিন।

আমাদের লক্ষ্য

আমরা নিজেদেরকে “প্রতিরোধের গণমাধ্যম” হিসেবে দেখি।

জীবের বহুসংকটকে, জীবের বহুদুঃখকে আমরা মধ্যমপ্রতিপদের অবস্থান থেকে বোঝার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, এবং বৃহত্তর বাস্তুতান্ত্রিক সংহতি আন্দোলন ও বাস্তুতান্ত্রিক সংহতি জোটের সাথে হাত মিলিয়ে তাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ করুন

ইমেল: thedegrowthofficial.com