কপ৩১: জীবাশ্ম জ্বালানি নিয়ে নীরব এক সম্মেলন
মতামত/বিশ্লেষণ

কপ৩১: জীবাশ্ম জ্বালানি নিয়ে নীরব এক সম্মেলন

এই নিবন্ধটি কপ৩১ সম্মেলনের ব্যর্থতা নিয়ে আলোচনা করে। সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার অঙ্গীকার বাদ দেওয়া হয়েছে এবং কোনো সার্বিক সিদ্ধান্ত ছাড়াই সম্মেলন শেষ হয়েছে। এটি জলবায়ু কূটনীতিতে ক্ষমতা, বৃদ্ধি-কেন্দ্রিক ধারণা এবং কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছে। নিবন্ধটি আরও উল্লেখ করে যে, প্রযুক্তিগত সমাধান এবং আর্থিক সহায়তার অভাব এই সংকটের মূল কারণ।

আলোচনা 0 মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

সবার আগে আলোচনায় যোগ দিন।

▣মতামত/বিশ্লেষণ

কপ৩১: জীবাশ্ম জ্বালানি নিয়ে নীরব এক সম্মেলন

চুক্তিহীন এক সম্মেলন

রবিবার, ২২ নভেম্বর। নির্ধারিত সময় পেরিয়ে তখন প্রায় দু'দিন গড়িয়ে গেছে। আন্তালিয়ায় মুরাত কুরুম যখন শেষবারের মতো হাতুড়ি ঠুকেছেন, টেবিলে তখন অনুমোদনের অপেক্ষায় আর কোনও চুক্তিই পড়ে নেই। আশ্চর্যজনকভাবে কোনও সার্বিক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে কপ৩১। প্রস্তাবিত "আন্তালিয়া চুক্তি" খারিজ হয়ে গেছে সমাপনী অধিবেশনে, আর আমরা দেখেছি যে সভাপতিমণ্ডলী নতুন কোনও খসড়া আনতেও রাজি হয়নি।

Monochrome Dramatic Self-Improvement YouTube Thumbnail (18)

বেশিরভাগ হিসেব মতে, ২০০৯-এর কোপেনহেগেনের পর এই প্রথম কোনও কপ একটি সার্বিক রাজনৈতিক দলিল ছাড়াই শেষ হয়েছে। এটি হয়ে উঠেছে এই প্রক্রিয়ার ইতিহাসে দীর্ঘতম সম্মেলনও। প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা ফিরে গেছেন হাতে গোনা কয়েকটি কারিগরি সিদ্ধান্ত নিয়ে। সঙ্গে নিয়ে গেছেন এক অস্বস্তিকর উপলব্ধি যে আলোচনার মূল কাঠামোতেই আজ ফাটল ধরেছে।

আন্তালিয়ায় প্রশ্নটা দাঁড়িয়েছে খুব সরলভাবে। রাষ্ট্রপুঞ্জের পরিবেশ কর্মসূচির হিসেবে, বর্তমান নীতিতে চললে পৃথিবী প্রায় ২.৮ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়ে পড়বে। এমন অবস্থায় দুবাইয়ের কপ২৮-এ জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার যে অঙ্গীকার করা হয়েছিল, তা কি আজ আবার উচ্চারণ করা সম্ভব?

আমরা দেখতে পাচ্ছি যে তা অন্তত নরম সুরে হলেও করা হয়নি। এই অস্বীকৃতি আমাদের অনেক কিছু বলে দেয়। যেমন জলবায়ু কূটনীতিতে ক্ষমতা আসলে কার হাতে রয়েছে বা ক্ষমতাবানেরা কোন সমাধানটাকেই বা বেশি পছন্দ করেন। সেই সঙ্গে বেআব্রু হয়ে পড়েছে বৃদ্ধি-কেন্দ্রিক এমন এক ধারণা, যা ক্রমান্বয়ে কার্বনমুক্তির প্রতিশ্রুতি হয়তো দিচ্ছে কিন্তু এই সংকটের কারণটা কি তা উচ্চারণ পর্যন্ত করছে না। আর আগের সব প্রতিশ্রুতি যদি অক্ষরে অক্ষরেও পালন করা হয় তাহলেও উষ্ণায়ন প্যারিসে নির্ধারিত ১.৫ ডিগ্রির সীমার অনেকটাই উপরে থাকবে। রাষ্ট্রপুঞ্জের হিসেব অনুযায়ী তা প্রায় ২.১ থেকে ২.৭ ডিগ্রির মধ্যে উঠবে।

image

Source: UNEP Emissions Gap Report 2026 (21 October 2026), central estimates with 66% likelihood; Carbon Brief

নিঃশব্দে মুছে ফেলা হল এক অঙ্গীকার

আন্তালিয়ার গল্প আসলে এক হারিয়ে যাওয়া অঙ্গীকারের গল্প। বর্তমান কপের, ১৬ নভেম্বর প্রকাশিত চুক্তির প্রথম খসড়াতেও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কয়েকটি বিকল্প রাখা হয়েছিল। তার মধ্যে “অবিলম্বে সরে আসা” হবে এমন একটি বাক্যবন্ধ ছিল। ডাউন টু আর্থ থেকে আমরা জানতে পারছি যে, ১৯ নভেম্বরের মধ্যেই সেই ভাষা উধাও হয়ে গেছে। চূড়ান্ত খসড়ায় কয়লা, তেল বা গ্যাসের কোনও উল্লেখই আর করা হয়নি।

বাধা কোন দিক থেকে এসেছিল তা আমাদের অচেনা নয়। খবরে প্রকাশ, সৌদি আরব ও অন্যান্য তেল-উৎপাদক দেশ জীবাশ্ম জ্বালানি নিয়ে যে কোনও শব্দের বিরোধিতা করেছে, আর রাশিয়া রূপান্তরের যে কোনও উল্লেখেরই বিপরীত অবস্থান নিয়েছে। দু'পক্ষই তার বদলে কার্বন ধরে রাখার প্রযুক্তির পক্ষে সওয়াল করেছে। উল্টো দিকে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং প্রায় ১৩০টি দেশ জার্মানির উদ্যোগে লেখা একটি চিঠিতে সমর্থন জানিয়েছে। সেই চিঠির দাবি ছিল, দুবাইয়ের অঙ্গীকার যেন চূড়ান্ত দলিলে থাকে। আর তা না থাকায় তারা খসড়াটি প্রত্যাখ্যান করেছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী ডারা ও'ব্রায়েন একে "বিবেকবর্জিত" বলেছেন।

এখানে রাজনৈতিক সমীকরণের পাটিগণিতটা বেশ গুরুত্বপূর্ণ। ভোটাভুটি হলে মুষ্টিমেয় কয়েকটি উৎপাদক দেশ কখনও জিততে পারত না। কিন্তু রাষ্ট্রপুঞ্জের জলবায়ু প্রক্রিয়া চলে সর্বসম্মতিতে, আর সর্বসম্মতি প্রতিটি প্রতিনিধিদলের হাতে তুলে দেয় ভেটোর ক্ষমতা। আন্তালিয়ায় সেই ভেটো ব্যবহার করা হয়েছে বিপন্ন মানুষকে রক্ষা করতে নয়, একটি পণ্যকে রক্ষা করতে। তারপর সংখ্যাগরিষ্ঠরাও নিজেদের ভেটো প্রয়োগ করেছে এমন এক দলিলের বিরুদ্ধে, যা কিনা নিঃশব্দে দুবাইয়ের অঙ্গীকারকে কবর দিত। কোনও পক্ষই জিততে পারত না। দু'পক্ষই কেবল সব রকমের প্রতিশ্রুতিকে আটকাতে পারত।

image

Sources: UNFCCC COP31 schedule; Earth Negotiations Bulletin; Down To Earth; UN News; Reuters. All dates 2026.

অঙ্গীকারের ভাঙ্গা গড়ার খেলা

কপ৩১ ছিল যৌথ নেতৃত্বের এক পরীক্ষা। তুরস্ক সভাপতির পদ অলংকৃত করেছে আর আলোচনার পৌরোহিত্য করেছেন অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন। বাস্তবে এই ব্যবস্থা এমন দুই আয়োজককে সামনে এনেছে, যাদের হাতে এক উচ্চাকাঙ্ক্ষার মধ্যস্থতার ভার তুলে দেওয়া হয়েছিল। অথচ তাদের নিজেদের খতিয়ানই সেই উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মেলে না। তুরস্ক আজও তার বিদ্যুতের প্রায় এক-তৃতীয়াংশ পায় কয়লা থেকে। জ্বালানি হিসেবে কয়লা নির্ভরতা শেষের কোনও তারিখ ই তাদের কাছে নেই। উল্টে দু'টি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সম্প্রসারণের পরিকল্পনা করছে। কুরুম নিজেই এই বছরের গোড়ায় বলেছিলেন, নির্গমন কমাতে গিয়ে অর্থনৈতিক বৃদ্ধির ক্ষতি করা চলবে না। আর অস্ট্রেলিয়া আজও বিশ্বের অন্যতম বড় কয়লা ও গ্যাস রপ্তানিকারক।

অস্বস্তি আরও বাড়িয়েছে প্রবেশাধিকারের প্রশ্ন। রয়টার্স জানাচ্ছে, সৌদি, চিনা আর রুশ কর্মকর্তারা সভাপতিমণ্ডলীর দফতরে প্রায় অবাধে যাতায়াত করছিলেন, অথচ অন্য গোষ্ঠীগুলি একটা বৈঠকের সময় পেতেও হিমশিম খাচ্ছিল। টুভালুর মাইনা তালিয়া রয়টার্সকে বলেছেন, "মনে হচ্ছে আমরা যেন সৌদিদের সঙ্গেই দর কষাকষি করছি।" সভাপতিমণ্ডলী অবশ্য কোনও দেশকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

সব থেকে আশ্চর্যজনকভাবে একটি বিশেষ চেয়ার ফাঁকা পড়েছিল। ইতিহাসে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় বছর কোনও প্রতিনিধিদল পাঠায়নি, কারণ ট্রাম্প প্রশাসন প্যারিস চুক্তি থেকে সরে এসেছে। তাদের অনুপস্থিতি অবশ্য ফলাফল কি হবে সেটা ঠিক করে দেয়নি। কিন্তু এর ফলে আলোচনার টেবিল এক প্রভাবশালী শক্তি, যারা উৎপাদক দেশগুলিকে নমনীয় হতে চাপ দিতে সক্ষম হতো।

সংযমের বদলে ব্যাপক প্রযুক্তির ব্যবহার

চূড়ান্ত খসড়ায় আদতে কি ছিল তা বেশ তাৎপর্যপূর্ণ। সেখানে বলা হয় যে ২০৩৫ সালের মধ্যে কার্বন ধরে রাখা, ব্যবহার ও মজুত করার প্রযুক্তিকে গিগাটনের মাত্রায় নিয়ে যাওয়া হবে। এর সঙ্গে বাতাস থেকে আরও বেশি কার্বন নিস্ক্রমনের ডাক দেওয়া হয়েছিল। ২০৩৫-এর মধ্যে মোট চূড়ান্ত শক্তি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে আনার লক্ষ্যমাত্রাও ঠিক করা হয়েছিল। অথচ পুনর্নবীকরণযোগ্য শক্তি তিনগুণ করার যে স্পষ্ট যোগসূত্রটা ছিল সেটাকে বাদ দেওয়া হয়।

প্রস্তাবগুলিকে একটা একটা করে দেখলে কোনওটিকেই ভুল বলা কঠিন। পরিচ্ছন্ন বিদ্যুতায়ন বর্তমান সময়ের দাবি, আর কিছুটা কার্বন অপসারণ ছাড়া যে আজ আর চলবে না, তা-ও প্রায় সর্বজনস্বীকৃত। কিন্তু আলাদা আলাদা অংশের চেয়েও বড় প্রশ্ন হল, এই গোটা বিষয়টির পাল্লা কোন দিকে ভারী। আন্তর্জাতিক শক্তি সংস্থার হিসেবে, আজ চালু কার্বন ধরে রাখার ক্ষমতা বছরে মাত্র ৫ কোটি টনের কিছু বেশি। অর্থাৎ এক গিগাটনে পৌঁছতে হলে এক দশকেরও কম সময়ে এই ক্ষমতাকে প্রায় কুড়ি গুণ বাড়াতে হবে। ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সতর্ক করেছে যে, এই লক্ষ্য জীবাশ্ম জ্বালানির আরও সম্প্রসারণের অজুহাত হয়ে উঠতে পারে। জীবাশ্ম জ্বালানির দূষণ সাফ করার যন্ত্রের প্রতিশ্রুতি দলিলে রয়েছে, কিন্তু খোদ জ্বালানিগুলির কোনও উল্লেখ নেই। এই নীরবতাই বলে দেয়, দলিলটি কোন পক্ষে দাঁড়িয়ে রয়েছে।

এখানেই ডিগ্রোথের দৃষ্টিভঙ্গি কাজে আসে। খসড়াটি সংকটকে দেখে প্রকৌশলের এক ঘাটতি হিসেবে, মাত্রার সমস্যা হিসেবে নয়। এখানেই প্রশ্ন ওঠে যে কীভাবে আরও পরিচ্ছন্ন উপায়ে আরও বেশি শক্তি উৎপাদন করা যায়। কিন্তু কখনও জিজ্ঞেস করা হয় না যে একটি ন্যায্য সমাজের আসলে কতটা শক্তি আর উপাদান দরকার। সবচেয়ে ধনীদের ভোগের কারণে কতটা নির্গমন হচ্ছে তা কিন্তু ছবির বাইরেই থেকে যাচ্ছে। অক্সফ্যাম হিসেব কষে দেখিয়েছে যে মানবজাতির সবচেয়ে ধনী ০.১ শতাংশ, যা কিনা মাত্র ৮০ লক্ষ মানুষ, দরিদ্রতম ৩৫০ কোটি মানুষের চেয়েও বেশি কার্বন নির্গমন করেন।

খনন যাতে থেমে না যায়, তার ব্যবস্থা করে কার্বন ধরে রাখার প্রযুক্তি। আর বৃদ্ধি যাতে থেমে না যায়, তার ব্যবস্থা করে বিদ্যুতায়ন। অথচ একটি প্রশ্ন দু'টিই সযত্নে এড়িয়ে যায়: গ্রিড যত পরিচ্ছন্নই হোক, একটি সসীম গ্রহ কি অনন্ত সম্প্রসারণের ভার বইতে পারে? প্রযুক্তির অভাব এই চুক্তির ব্যর্থতার কারণ নয়। আসল কারণ হল, যে সীমাগুলিকে প্রযুক্তির জাদুতে মিলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, চুক্তিটি তাদের নাম নিতেই রাজি হয়নি।

বকেয়া হিসেব

যদি জীবাশ্ম জ্বালানি হয়ে থাকে আন্তালিয়ার সবচেয়ে সরব বিতর্ক, তবে সবচেয়ে গভীর ক্ষতটি রয়ে গেছে অর্থের প্রশ্নে। প্রয়োজনের অঙ্কটা স্পষ্ট। ইউএনএফসিসিসি-র নিজস্ব মূল্যায়ন অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলির জলবায়ু পরিকল্পনা রূপায়ণে ২০৩০ পর্যন্ত বছরে দরকার ৪৫,৫০০ কোটি থেকে ৫৮,৪০০ কোটি ডলার। আর রাষ্ট্রপুঞ্জের পরিবেশ কর্মসূচি জানাচ্ছে, শুধু অভিযোজনেই বছরে লাগে প্রায় ৩০,৫০০ কোটি ডলার। অথচ এই অঙ্কের জবাবে আন্তালিয়ার ঝুলি প্রায় শূন্যই থেকে গেছে।

২০৩৫-এর মধ্যে অভিযোজনের অর্থ অন্তত তিনগুণ করার পুরনো অঙ্গীকার খসড়ায় আবার উচ্চারিত হয়েছে। কিন্তু তিনগুণ কোন অঙ্কের, সেই প্রশ্নের উত্তর কেউ দেয়নি। ১৬ নভেম্বরের খসড়ায় বছরে অন্তত ১২,০০০ কোটি ডলারের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু চূড়ান্ত খসড়ায় পৌঁছনোর আগেই তা হারিয়ে গেছে। ক্ষয়ক্ষতি খাতেও আসেনি নতুন কোনও প্রতিশ্রুতি। আনাদোলু জানাচ্ছে, অভিযোজন তহবিল বছরে ৩০ কোটি ডলারের লক্ষ্যের বিপরীতে জোগাড় করতে পেরেছে মাত্র ৫ কোটি ডলারের মতো। বন্যা আর খরার দাম যারা ইতিমধ্যেই গুনে চলেছে, তাদের কাছে অঙ্কহীন প্রতিশ্রুতি কেবল শূন্য শব্দমাত্র।

সংখ্যাগুলিকে পাশাপাশি সাজালে ছবিটা আরও নির্মমভাবে স্পষ্ট হয়ে ওঠে। ২০২৪ সালে উন্নয়নশীল দেশগুলির কাছে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থ পৌঁছেছিল মাত্র ২,৮২০ থেকে ৩,১৭০ কোটি ডলার। এই অঙ্ক তিনগুণ হলেও প্রয়োজনের এক-তৃতীয়াংশে পৌঁছবে না। আর যে লক্ষ্যমাত্রাটি খসড়া থেকে মুছে ফেলা হয়েছে, সেটি বজায় থাকলেও তা সামগ্রিক প্রয়োজনের অর্ধাংশও ছুঁতে পারত না।

image

Sources: UNEP Adaptation Gap Report 2026; Antalya draft of 16 November 2026 via Down To Earth and Reuters

Sources: UNEP Adaptation Gap Report 2026 (needs of about $305bn a year to 2035; 2024 international public flows of $28.2–31.7bn); Antalya draft of 16 November 2026, via Down To Earth and Reuters. Tripled flows: three times the 2024 range, our calculation.

এই টানাপোড়েনের সবচেয়ে জটিল প্রতিচ্ছবি সম্ভবত ভারত। পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব আন্তালিয়ার ব্যর্থতায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সাম্যের নীতি এবং ধনী দেশগুলির অর্থ জোগানের দায়, এই দুই ভিতের ওপর একটি ফলাফল গড়ে তুলতে ভারত শেষ মুহূর্ত পর্যন্ত বেসিক ও সমমনস্ক উন্নয়নশীল দেশগুলির পাশে থেকেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে জমে ওঠা নির্গমনের দায় যে মূলত ধনী দুনিয়ার, সে কথা মানলে এই দাবির নৈতিক জোর অস্বীকার করা কঠিন। কিন্তু একই সঙ্গে ভারত নিজেও কয়লার পথ থেকে সরে আসেনি। জার্মান প্রচারগোষ্ঠী উরগেভাল্ডের হিসেবে, নতুন কয়লাবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারত বিশ্বের শীর্ষ দেশগুলির অন্যতম। এই দ্বিচারিতার প্রশ্নে দেশের নাগরিক সমাজ সরকারের চেয়ে অনেক বেশি স্পষ্টভাষী। ফিল দ্য ফান্ড প্রচারের হরজিৎ সিং বলেছেন, "যে চুক্তি ব্যর্থতাকেই পাকাপোক্ত করে, তার চেয়ে কোনও চুক্তি না হওয়াই ভালো।"

ভাঙনের পরে যা রইল

আন্তালিয়ার পতনকে কেবল অবরোধের কাহিনি ভাবলে ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। কখনও একটি দৃঢ় "না"-ই হয়ে ওঠে সবচেয়ে অর্থবহ পদক্ষেপ। সিবিএস নিউজ জানাচ্ছে, শেষ শুক্রবার ফ্রান্স ও পানামার নেতৃত্বে একটি জোট খসড়াটিকে দুর্বল বলে নাকচ করেছে। পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারোর কথায়, তাঁর দেশ আর তেল-উৎপাদকদের হাতে জিম্মি হয়ে থাকবে না। সবচেয়ে তীব্র যন্ত্রণা প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রগুলির, যাদের ঘরবাড়ি একটু একটু করে সমুদ্রের গ্রাসে চলে যাচ্ছে। মার্শাল দ্বীপপুঞ্জের প্রতিনিধিদল বলেছে, "সব দিক থেকেই আমাদের হতাশ করা হয়েছে।" আলোচনার সভাপতি বোয়েনও মেনে নিয়েছেন, তিনি "অনতিক্রম্য সীমারেখা" পেরোতে পারেননি। এখন ক্যানবেরায় বিরোধীরা তাঁর পদত্যাগের দাবি তুলেছেন।

তবু সব কিছু ভেসে যায়নি। ন্যায্য রূপান্তর কর্মসূচি নিয়ে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যদিও নতুন ব্যবস্থাটির কাঠামো স্থির করার দায় ঠেলে দেওয়া হয়েছে কপ৩২-এর দিকে। কার্বন বাজার আর স্বচ্ছতা নিয়েও সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে রাষ্ট্রপুঞ্জের কার্বন বাজারের আয়ের ৫ শতাংশ বাধ্যতামূলকভাবে যাবে অভিযোজন তহবিলে। কিন্তু ইকো-বিজনেস জানাচ্ছে, রাশিয়া ও সৌদি আরবের আপত্তিতে নির্গমন হ্রাসের উচ্চাকাঙ্ক্ষা সংক্রান্ত কর্মসূচিটির মেয়াদ আর বাড়েনি। অতএব যা টিকে রইল, তা আসলে এক দরকষাকষির ছিটেফোঁটা অবশেষ, কোনও মীমাংসা নয়।

সর্বসম্মতির সীমানা পেরিয়ে

আন্তালিয়ার ভাঙন একটি পুরনো প্রশ্নকে নতুন করে তীক্ষ্ণ করে তুলেছে। প্রায় ২০০টি পক্ষের সম্মতি ছাড়া যে প্রক্রিয়া এক পা-ও এগোতে পারে না, সে কি কখনও সেই শিল্পগুলির বিরুদ্ধে দাঁড়াতে পারবে, যারা ওই পক্ষগুলির কয়েকটির অর্থনীতির মেরুদণ্ড? রাষ্ট্রপুঞ্জের জলবায়ু প্রধান সাইমন স্টিয়েলও মেনে নিয়েছেন যে প্রক্রিয়াটি "লক্ষ্যে পৌঁছতে পারেনি"। আর আমরা দেখতে পাচ্ছি, অনেকেই ইতিমধ্যে অন্য দরজায় কড়া নাড়ছেন। এপ্রিলে কলম্বিয়ার সান্তা মার্তায় ৫৭টি দেশ জড়ো হয়েছিল জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রথম সম্মেলনে, যেখানে সর্বসম্মতির শর্ত ছিল না। দ্বিতীয় সম্মেলনটি টুভালু ও আয়ারল্যান্ডের নেতৃত্বে হওয়ার কথা ২০২৭ সালে। হয়তো আন্তালিয়ার পর ইচ্ছুকদের এমন জোটই অধিবেশন কক্ষের চেয়ে বেশি দায় কাঁধে তুলে নেবে।

২০২৭-এর নভেম্বরে আদ্দিস আবাবায় পরবর্তী কপ হাতে পাবে এক অসমাপ্ত কর্মসূচি আর চিড় ধরা আস্থা। আর পাবে এমন এক পৃথিবী, যা ক্রমান্বয়ে উষ্ণ হয়ে চলেছে এবং কোনও কার্যপ্রণালীর জন্য অপেক্ষা করে না।

আন্তালিয়ার সবচেয়ে গভীর শিক্ষাটি হয়তো এখানেই। খসড়া থেকে মুছে ফেলা প্রতিটি শব্দ আর অভিযোজন থেকে আটকে রাখা প্রতিটি ডলার সম্মেলন কক্ষে থেমে থাকে না। ঢেউয়ের মতো তা পৌঁছে যায় মাঠে, উপকূলে, শহরে। দায় সকলের সমান নয়, কিন্তু পরিণতি বইতে হয় সকলকেই। যে রাজনীতি সমস্যার নামটুকুও উচ্চারণ করতে পারে না, সে কোনও দিন তার সমাধান খুঁজে পাবে না। আর বৃদ্ধির যে ধারণা "যথেষ্ট" শব্দটির মানেই বোঝে না, সে বারবার ছুটে চলাকেই এগিয়ে চলা বলে ভুল করবে। এই দুই নীরবতা যতদিন না ভাঙছে, ততদিন আমাদের আরও এমন সম্মেলন দেখার জন্য প্রস্তুত থাকতে হবে, যা শেষ হয় একটি হাতুড়ির ঘায়ে, আর যার নিচে পড়ে থাকে কেবল শূন্যতা।

Sources

• UN News, COP31 closes without agreement

• Reuters via KFGO, Saudi Arabia’s influence loomed large over failed COP31 deal

• CBS News, COP31 ends with no agreement

• IBTimes UK, COP31 ends without agreement on fossil fuels and finance

• RTÉ, Pacific nations express dismay as no COP31 deal reached

• France 24, Pacific island nations express despair over COP31 failure

• Down To Earth, COP31 ends with no major deal

• Down To Earth, Cover decision draft drops fossil fuel phase-out language

• UNFCCC, Final draft cover decision, FCCC/PA/CMA/2026/L.25

• Earth Negotiations Bulletin, COP31 daily report, 16 November 2026

• Eco-Business, COP31 falls short, and not just on fossil fuels

• The Tribune, India regrets failure to reach consensus on COP31 cover decision

• Hürriyet Daily News, COP31’s Adaptation Fund receives lacklustre support

• Adaptation Fund, COP31 completes the Fund’s transition to the Paris Agreement

• Al-Monitor, Turkey’s COP31 message: electrify, recycle, don’t mention coal

• Climate Home News, COP31 chief rejects priority focus on fossil fuels

• Eco-Business, COP31 hosts pursue coal expansion, says Urgewald

• UNEP, Emissions Gap Report 2026 press release

• Carbon Brief, UNEP: opportunity lost to meet 1.5°C without overshoot

• UNEP, Adaptation Gap Report 2026 press release

• UNFCCC, Second Needs Determination Report, executive summary

• Down To Earth, Richest emit more carbon than the poorest, says Oxfam

• Carbon Brief, Santa Marta: key outcomes from first summit on transitioning away from fossil fuels

আলোচনা 0 মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

সবার আগে আলোচনায় যোগ দিন।

আমাদের লক্ষ্য

আমরা নিজেদেরকে “প্রতিরোধের গণমাধ্যম” হিসেবে দেখি।

জীবের বহুসংকটকে, জীবের বহুদুঃখকে আমরা মধ্যমপ্রতিপদের অবস্থান থেকে বোঝার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, এবং বৃহত্তর বাস্তুতান্ত্রিক সংহতি আন্দোলন ও বাস্তুতান্ত্রিক সংহতি জোটের সাথে হাত মিলিয়ে তাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ করুন

ইমেল: thedegrowthofficial.com