সৌন্দর্যায়ন, উন্নয়নের নামে এবার কি উচ্ছেদের মুখে পড়তে চলেছেন মল্লিকঘাট ফুলবাজারের হাজার হাজার ফুলচাষি ও ক্ষুদ্র ব্যবসায়ী? হাওড়া ব্রিজের নীচে গঙ্গার তীরে অবস্থিত মল্লিকঘাট ফুলবাজার। এশিয়ার অন্যতম বৃহৎ এই ফুলবাজারের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার বহু মানুষের জীবন ও জীবিকা। সরকারি তথ্য অনুযায়ী, ১৮৫৫ সাল থেকে এই ফুলবাজারের অস্তিত্ব রয়েছে। এবার সেই ঐতিহ্যবাহী বাজারকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। সম্প্রতি কলকাতা পুরসভায় এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, পুর কমিশনার স্মিতা পাণ্ডে, জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা এবং বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিরা। ২২ নভেম্বরের ‘এই সময়’-এর প্রতিবেদন অনুযায়ী, সরকারের পরিকল্পনায় রয়েছে চারতলা আধুনিক ফুলবাজার, হিমঘর, বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, শৌচালয়, বিশ্রামাগার এবং প্রাথমিক চিকিৎসাকেন্দ্র। পাশাপাশি মল্লিকঘাট থেকে জগন্নাথঘাট পর্যন্ত গঙ্গাতীরের সৌন্দর্যায়ন করা হবে। কিন্তু এত বড় পরিকল্পনা যাঁদের ঘিরে, সেই ফুলচাষি ও ফুল ব্যবসায়ীদেরই বৈঠকে ডাকা হয়নি বলে অভিযোগ উঠছে। ২২ নভেম্বরের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বাজার সংস্কারের বিষয়ে আলোচনার জন্য প্রায় দু’মাস আগেই প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতি। অথচ প্রশাসন বৈঠক করলেও সেখানে তাঁদের কোনও প্রতিনিধি ছিলেন না বলে অভিযোগ সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ নায়েকের। ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, সৌন্দর্যায়নের নামে বর্তমান বাজারের পরিবর্তে সীমিত সংখ্যক দোকান নিয়ে একটি বাজার তৈরি করা হতে পারে। সেক্ষেত্রে হাজার হাজার ফুলচাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীর কী হবে? ইতিমধ্যেই এই আশঙ্কার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী, উদ্যানপালন মন্ত্রী এবং বন্দর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা। আনন্দবাজার পত্রিকার ২৩ আগস্টের প্রতিবেদন অনুযায়ী, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং দুই ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলা থেকে প্রতিদিন আনুমানিক ১২ থেকে ১৫ হাজার ফুলচাষি ও ফুল ব্যবসায়ী এই বাজারে আসেন। সরকার পরিবর্তনের পর বাজার পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ব্যাহত হয়েছে নিয়মিত রক্ষণাবেক্ষণ, আবর্জনা পরিষ্কার এবং বিদ্যুৎ পরিষেবা। ফুলচাষিরাও চান বাজারের সংস্কার হোক। হিমঘর তৈরি হোক, অস্বাস্থ্যকর পরিবেশের পরিবর্তন হোক। কিন্তু সেই আধুনিকীকরণের শর্ত কী হবে বা বলা ভালো মূল্য কী হবে, কে চোকাবে? নতুন বাজারে দোকান পাওয়ার জন্য কত টাকা দিতে হবে? প্রান্তিক ফুলচাষিরা কি আগের মতো সরাসরি নিজেদের উৎপাদিত ফুল বিক্রি করতে পারবেন? সংস্কারের সময় তাঁদের বিকল্প জীবিকার ব্যবস্থা কী হবে? সমস্ত ব্যবসায়ীর পুনর্বাসনের নিশ্চয়তা কি সরকার দেবে? এই প্রশ্নগুলির সুস্পষ্ট উত্তর এখনও প্রকাশ্যে আসেনি।
টুকরো খবর - মল্লিকঘাট ফুলবাজারের ঢেলে উন্নয়ন নাকি ঢালাও উচ্ছেদ


