টুকরো খবর - ভারতের গণতন্ত্র কতটা নিরাপদ? - হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট

হোয়াটসঅ্যাপএক্সফেসবুক

বিশ্বের তথাকথিত বৃহত্তম গণতন্ত্র হিসেবে পরিচিত ভারত। কিন্তু গণতন্ত্র কি শুধুমাত্র নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ? সংসদ, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন কিংবা নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা—এই গণতান্ত্রিক পরিসরগুলি কতটা সুরক্ষিত? সেই প্রশ্নই তুলে ধরল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। ২৪ নভেম্বর প্রকাশিত ৯৫ পাতার একটি প্রতিবেদনে সংগঠনটির অভিযোগ, গত এক দশকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পরিকল্পিতভাবে দেশের একাধিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করেছে। প্রতিবেদনটির নাম ‘So What’s This Democracy We’re Talking About? Modi’s Authoritarian Playbook in India’। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনেরও বেশি আইনজীবী, সাংবাদিক, গবেষক, মানবাধিকার কর্মী, বিচারপতি ও প্রাক্তন সরকারি আধিকারিকের সাক্ষাৎকারের ভিত্তিতে এই গবেষণা করা হয়েছে। ১ সংসদীয় গণতন্ত্র। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট বলছে, সংসদীয় নজরদারি এবং বিরোধীদের ভূমিকা সংকুচিত করা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে লোকসভার ১০০ জন এবং রাজ্যসভার ৪৬ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। সেই সময়েই নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত নতুন আইন পাশ হয়। সংগঠনটির মতে, এই আইন নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ আরও বাড়িয়েছে। ২ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব্যবহার। সরকারি পরিসংখ্যান উদ্ধৃত করে রিপোর্টটি জানাচ্ছে, ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। অথচ মোদী সরকারের আগের এক দশকে এই সংখ্যা ছিল মাত্র ২৬। অভিযুক্তদের অধিকাংশই সরকারের বিরোধী শিবিরের রাজনীতিক বলে জানাচ্ছে সংগঠনটি। তাদের অভিযোগ, রাজনৈতিক বিরোধীদের চাপে রাখার জন্য তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। ৩ ভোটাধিকার ও নির্বাচন কমিশনের স্বাধীনতা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়েও প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। রিপোর্টের দাবি, ২০২৫ সালের জুন থেকে দেশের ভোটার তালিকা থেকে ১৩ কোটিরও বেশি নাম বাদ পড়েছে। শুধু পশ্চিমবঙ্গেই বাদ পড়েছিলেন প্রায় ৯০ লক্ষ ভোটার। এই প্রক্রিয়ার যথার্থতা এবং নির্বাচন কমিশনের স্বাধীন ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। ৪ নাগরিক স্বাধীনতা ও বিচারব্যবস্থা। ইউএপিএ (UAPA) এবং বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন-সহ বিভিন্ন আইনের ব্যবহারের মাধ্যমে সাংবাদিক, ছাত্র, মানবাধিকার কর্মী এবং সরকারের সমালোচকদের কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে বিচারব্যবস্থার ভূমিকাও প্রশ্নের মুখে ফেলেছে এই রিপোর্ট। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক এলেন পিয়ারসনের মতে, গত এক দশকে সরকারের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার জন্য যে স্বাধীন প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেগুলিকেই ক্রমশ দুর্বল করা হয়েছে। সংগঠনটির দাবি, এগুলি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, বরং একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত একটি কর্তৃত্ববাদী শাসনের অংশ। এই প্রতিবেদন সম্পর্কে ভারত সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

আমাদের লক্ষ্য

আমরা নিজেদেরকে “প্রতিরোধের গণমাধ্যম” হিসেবে দেখি।

জীবের বহুসংকটকে, জীবের বহুদুঃখকে আমরা মধ্যমপ্রতিপদের অবস্থান থেকে বোঝার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, এবং বৃহত্তর বাস্তুতান্ত্রিক সংহতি আন্দোলন ও বাস্তুতান্ত্রিক সংহতি জোটের সাথে হাত মিলিয়ে তাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ করুন

ইমেল: thedegrowthofficial.com