ঐতিহাসিক কৃষক আন্দোলনের ছয় বছর পূর্তিতে আবারও রাজপথে নামতে চলেছেন দেশের কৃষকরা। আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা।
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দিল্লি-সহ দেশের প্রায় ১০০টি স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। জেলাশাসকদের মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দাবি সনদ পেশ করবেন আন্দোলনকারীরা। দিল্লিতে মন্দির মার্গ থেকে যন্তর মন্তর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে।
২০২০ সালের ২৬ নভেম্বর তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির সীমান্তে শুরু হয়েছিল ঐতিহাসিক কৃষক আন্দোলন। এক বছরেরও বেশি সময় ধরে চলা সেই আন্দোলনের চাপে ২০২১ সালের নভেম্বরে তিনটি কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্র। কিন্তু কৃষক সংগঠনগুলির অভিযোগ, ২০২১ সালের ৯ ডিসেম্বর কেন্দ্র যে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল, তার গুরুত্বপূর্ণ অংশ আজও বাস্তবায়িত হয়নি।
এবারের আন্দোলনের অন্যতম প্রধান দাবি, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষিকাজের সামগ্রিক উৎপাদন খরচের সঙ্গে ৫০ শতাংশ যোগ করে সমস্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ, তার আইনি নিশ্চয়তা এবং ফসল কেনার নিশ্চয়তা প্রদান।
ন্যাশনাল হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, মহারাষ্ট্রে সয়াবিনের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৪,৮৯২ টাকা হলেও কৃষকদের তা বিক্রি করতে হচ্ছে ৩,৪০০ থেকে ৩,৯০০ টাকায়।
অন্যদিকে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান উল্লেখ করে সংগঠনটি জানিয়েছে, ২০২৪ সালে দেশের কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত ১০,৫৪৬ জন আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে ৪,৬৩৩ জন কৃষক এবং ৫,৯১৩ জন কৃষিশ্রমিক।
কৃষিঋণ সম্পূর্ণ মকুব, আত্মহত্যাকারী কৃষক ও কৃষিশ্রমিকদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ষাটোর্ধ্ব কৃষক ও কৃষিশ্রমিকদের মাসিক ২১ হাজার টাকা পেনশনের দাবিও তুলেছে সংযুক্ত কিষান মোর্চা।
এবারের আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক এই যে, শুধুমাত্র কৃষকদের দাবিতেই এই আন্দোলন সীমাবদ্ধ থাকছে না। চারটি শ্রম কোড প্রত্যাহার, মনরেগা পুনর্বহাল, বছরে ২০০ দিনের কাজ এবং দৈনিক ৭০০ টাকা মজুরির দাবিও রয়েছে। সম্ভাবনা রয়েছে শ্রমিক সংগঠনগুলিও এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবে।
এই সমস্ত দাবির পাশাপাশি প্রস্তাবিত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি, বিদ্যুতের বেসরকারিকরণ, বীজ বিল এবং জোরপূর্বক জমি অধিগ্রহণের বিরোধিতা করেছে কৃষক সংগঠনগুলি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR বাতিলের দাবিও জানানো হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা ও অতিবৃষ্টিতে কৃষকদের ফসল এবং জীবিকার ক্ষতির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও সুসংহত বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার দাবিও রয়েছে।
ঐতিহাসিক কৃষক আন্দোলনের ছয় বছর পর যেই দাবিগুলি নিয়ে কৃষকরা রাস্তায় নামছে তাতে তাঁদের প্রতি সংহতির ব্যাপ্তি ঘটবে খুব স্পষ্ট ভাবেই তা আন্দাজ করা যাচ্ছে। সম্প্রতি ছাত্র আন্দোলন দমনে প্যালেট গান চালানোর মতন বীভৎস সহিংসতা নামিয়ে এনেছিল রাষ্ট্র। ২৬ তারিখ নজর থাকবে সেই দিকেও, ভারত রাষ্ট্র এই আন্দোলন দমনে কতটা সহিংস হয়ে ওঠার আস্পর্ধা দেখায়।
(ব্যবহৃত ছবি সংগৃহীত)


